ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখার ক্ষেত্রে শ্রম অধিকার লংঘনের বিষয়টি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর আরো এক বছর পর্যালোচনা করবে। এ সময়ে মার্কিন বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর বাংলাদেশ দূতাবাসকে এ সিদ্ধান্ত জানিয়েছে বলে বৃহস্পতিবার এক সরকারী তথ্য বিবরণীতে জানানো হয়।
২০০৭ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক ৫৬টি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের একটি গ্র"পের আবেদনের পরিপ্রেক্ষিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখার বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। গত ২৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে এ বিষয়ে সর্বশেষ শুনানি হয়। এতে বাণিজ্য সচিব বাংলাদেশের নেতৃত্ব দেন।
তথ্য বিবরণীতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের ক্ষমতা গ্রহণ এবং ইপিজেডে শ্রম সম্পর্কের অগ্রগতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইতিবাচকভাবে দেখছে। তবে তারা গার্মেন্টস ও চিংড়ি খাতে শ্রম অধিকার অধিকতর উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১২৫ঘ.
bdnews24