২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত

বাগেরহাট, নরসিংদী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার স্কুলছাত্রসহ নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিআইডাব্লিওটিএ-এর দুই কর্মচারীও রয়েছেন। এর মধ্যে বাগেরহাটে তিনজন, নরসিংদীতে দুজন এবং গাজীপুরে চারজন মারা গেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 12:18 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট, নরসিংদী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার স্কুলছাত্রসহ নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিআইডাব্লিওটিএ-এর দুই কর্মচারীও রয়েছেন। এর মধ্যে বাগেরহাটে তিনজন, নরসিংদীতে দুজন এবং গাজীপুরে চারজন মারা গেছেন। (আরও তথ্যসহ) গাজীপুরে দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রান্সসিলভা পরিবহনের ডিপোতে হামলা চালিয়ে কয়েকটি বাস ভাঙচুর করে। এতে জয়দেবপুর-শিমুলিয়া রুটে দুই সকাল ৯টা থেকে দু' ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর: বাগেরহাট: বাগেরহাট-খুলনা সড়কের সিঅ্যান্ডবি বাজার এলাকায় ট্রাক ও ভাড়ায় চালিত মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এর দুই কর্মচারী হাওলাদার হারুণ অর রশিদ (৪৫), হাবিব খলিফা (৩৮) এবং মোটর সাইকেল চালক বাগেরহাট সদর উপজেলার মো. লাবলু হাসান (২৯)। বাগেরহাটের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির জানান, বাগেরহাট সদর হাসপাতালে নিহতদের লাশের ময়না তদন্তের পর পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। নরসিংদী: সদর উপজেলার মাধবদী সংলগ্ন টাটাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের চাপায় ঘটনাস্থলেই এক ভ্যানচালক এবং তার ছেলে নিহত হয়েছে। এরা হলেন, হানিফ মিয়া (৪০) ও সোলেমান (১৫)। নরসিংদী পুলিশ সুপার মো. আলি মিয়া জানান, লাশ দুটো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গাজীপুর: সদর উপজেলার বিলাসপুর এলাকায় জয়দেবপুর-শিমুলতলী সড়কে যাত্রীবাহী বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রসহ চার জন নিহত হয়েছে। এরা হলেন- গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও মারিয়ালি এলাকার রুহুল আমিনের ছেলে নাজমে আমিন রিফাত (১৩), স্থানীয় অ্যালটেক অ্যালুমিনিয়াম কারখানার কর্মচারী মনির হোসেন (২৫), হাসান খান (২৮) ও কামাল হোসেন (২৪)। আহতদের মধ্যে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের জীববিজ্ঞনের সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহ (৪৫) ও আরিচপুরের মাসুমকে (৩২) গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহত সবাই টেম্পো যাত্রী। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, পুলিশ টেম্পো, বাস এবং বাসের চালক বাবুকে আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে ওসি রশিদ জানান। তিনি জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী ভুরুলিয়ায় ট্রান্সসিলভা পরিবহনের ডিপোতে হামলা চালিয়ে কয়েকটি বাস ভাঙচুর করে। এতে সকাল ৯টা থেকে প্রায় দু'ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/এমএসবি/১৮২১ ঘ.