২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্রমিক আন্দোলনের সুযোগে আশুলিয়ায় সন্ত্রাসীরাই তাণ্ডব চালায়'

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক আন্দোলনের ডামাডোলের সুযোগে স্থানীয় কিছু সন্ত্রাসী ও ঝুট ব্যবসায়ী গার্মেন্টস কারখানাগুলোতে অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে বলে দাবি করেছে একটি শ্রমিক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 07:24 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক আন্দোলনের ডামাডোলের সুযোগে স্থানীয় কিছু সন্ত্রাসী ও ঝুট ব্যবসায়ী গার্মেন্টস কারখানাগুলোতে অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে বলে দাবি করেছে একটি শ্রমিক সংগঠন। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামের এ সংগঠনটি হতাহত শ্রমিকদের 'যুক্তিযুক্ত' ক্ষতিপূরণ, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তিসহ সরকারের কাছে পাঁচদফা দাবি জানিয়েছে। পুরানা পল্টনের মুক্তি ভবনে (কমিউনিস্ট পার্টি কার্যালয়) বুধবার সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এলাকার সরকারী দলের সমর্থক সন্ত্রাসী সুমন ভুঁইয়াসহ কিছু ঝুট ব্যবসায়ী নিজেদের স্বার্থ হাসিলের জন্য শ্রমিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালায়। তারাই কয়েকটি কারখানায় অগ্নিসংযোগ, ভাঙচুরসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২৮ জুন শ্রমিকদের আন্দোলনে কিছু চিহ্নিত সন্ত্রাসী পুলিশের সহায়তায় শ্রমিকদের আন্দোলনে হামলা ও গুলি চালায়। তখন কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ ও একজন নিহত হন। শ্রমিক অসন্তোষ নিয়ে শ্রমিক সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে মালিকপক্ষ ও গোয়েন্দা সংস্থাগুলো ভুল ব্যাখ্যা করছে বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থাপিত পাঁচটি দাবির মধ্যে রয়েছে, সুমন ভুঁইয়াসহ তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তি প্রদান, শ্রমিক হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান, হতাহতদের যুক্তিযুক্ত ক্ষতিপূরণ প্রদান, ত্রি-পক্ষীয়সহ সকল চুক্তি বাস্তবায়ন ও ২৮ জুন বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা সভায় বিজিএমইএ সভাপতির দেওয়া ঘোষণা অবিলম্বে কার্যকর করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.