২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিনাক হয়তো শিষ্টাচার মানেননি: দীপু মনি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ও টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলে ইঙ্গিত করলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 11:49 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ও টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলে ইঙ্গিত করলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তবে এটি তার 'ব্যক্তিগত' মত বলেই জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, "কী বলা হবে, না হবে- সে বিষয়ে বিদেশি কূটনীতিকদের অনেক সীমাবদ্ধতা থাকে।" তিনি যোগ করেন, "আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি মনে করি, তিনি (পিনাক) হয়তো সেই সীমারেখা মানেননি।" গত ২১ জুন ঢাকায় দীপু মনির উপস্থিতিতে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির এক সেমিনারে ভারতীয় হাইকমিশনার টিপাইমুখ বাঁধের বিরোধিতার জন্য বাংলাদেশের রাজনৈতিক মহলসহ বিভিন্ন মহলের কড়া সমালোচনা করেন। এসময় তিনি দাবি করেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে ভারত বাংলাদেশের সঙ্গে পরামর্শ করেছিল। বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বন্টন চুক্তির বিরোধিতা এবং ভারতবিরোধী বক্তব্য দেওয়ার জন্য বিএনপি নেতৃত্বাধীন জোটের তীব্র সমালোচনা করে পিনাক বলেন, "এসবের উদ্দেশ্য হলো রাজনৈতিক ফায়দা লোটা।" বিএনপিসহ বিভিন্ন মহল ভারতীয় হাইকমিশনারের এ বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যায়িত করে তার বহিষ্কার দাবি করেছিল। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, ভারতীয় হাইকমিশনার কূটনীতিক শিষ্টাচার লঙ্ঘন করে থাকলে তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। সমস্যা সমাধানে আশাবাদ প্রকাশ দ্বিপাক্ষিক চুক্তি না থাকলে স্বার্থরক্ষা করা সম্ভব হবে না তা ঠিক নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, "অভিন্ন নদী নিয়ে বহু আইন রয়েছে। এসব আইন দিয়েই এবং আন্তর্জাতিক আইনের আওতায় এই বিষয়গুলোর সুষ্ঠু সমাধান সম্ভব।" দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন দীপু মনি। নদী ইস্যুতে আলোচনার জন্য যৌথ নদী কমিশনের বৈঠক আয়োজনে অনেক দিন ধরেই বাংলাদেশ দাবি জানিয়ে আসছে বলেও জানান তিনি। ভারতের ব্যপারে বিএনপির 'দ্বিমুখী নীতির' সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "যৌথ নদী কমিশনের ২০০৩ ও ২০০৫ সালের বৈঠকে এই বাঁধ (টিপাইমুখ) নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। "আমরা কমিশনের পরের বৈঠকে এই বিষয়টি তুলে ধরবো।" বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত ক্ষমতায় ছিল। বাংলাদেশের স্বার্থে ন্যুনতম আঘাত হানে এ রকম কিছু ভারত বাস্তবায়ন করবে না ঢাকা এমনটি বিশ্বাস করে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি'র কথিত দ্বিমুখী নীতির সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, "বিএনপি ক্ষমতায় থাকলে ভারতকে তুষ্ট করার কৌশল অনুসরণ করে, আর বিরোধী দলে থাকলে তাদের বিরোধিতা করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/এএল/এসকে/২১৩১ঘ.