কুড়িগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সদর উপজেলার নাজিয়া ফকির পাড়া গ্রামে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আটক শাহাদত আলী (৩৫) ও আব্দুর রহিমের (৩০) বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, আটক দু'জন গত রোববার কুড়িগ্রাম শহরে এসে বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে ওঠে। এরপর তাদের সঙ্গে পরিচয় হয় নাজিরা ফকির পাড়া গ্রামের প্রভাষক জোবায়ের হোসেনের সঙ্গে। তারা এক পর্যায়ে জোবায়েরের মৎস্য খামারে ৭০ লাখ টাকা বিনিয়োগের প্রস্তাব দেয়। পরে জোবায়েরকে জাল টাকা তৈরির প্রস্তাব দেয়।
বিকেলে জোবায়ের এ দু'জনকে কৌশলে তাদের বাড়ির এলাকায় এনে স্থানীয় জনতার সহায়তায় গণধোলাই দেন এবং আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবীর আরও বলেন, "আটক দুই প্রতারকের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৬ ঘ.
bdnews24