ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্মেন্টস শিল্পের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের সমন্বয়ে একটি বিশেষ ইউনিট গঠন করার পরিকল্পনা করছে সরকার।
মূলত এ শিল্পে অস্থিরতা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সরকার এরকম ইউনিট গঠনের কথা ভাবছে বলে জানিয়েছেন শ্রম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার সচিবালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এর আগে গার্মেন্টস খাতের অস্থিরতা নিরসনে বাণিজ্য মন্ত্রণালয় ও গার্মেন্টস খাতের বিভিন্ন শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী।
বৈঠকে বাণিজ্য মন্ত্রী ফারুক খান, এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও বিকেএমএই সভাপতি ফজলুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে খন্দকার মোশাররফ হোসেন বলেন, "গার্মেন্টস খাতে অস্থিরতায় গত দুই দিনে দুই ব্যক্তি নিহতের ঘটনায় সরকার উদ্বিগ্ন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে তদন্ত করে দোষীদের চিহ্নিত এবং বিচারের মুখোমুখি করা হবে। তাদের দৃষ্টান্তমূলক বিচার করা হবে।"
এসব ঘটনার নেপথ্যে কারা আছে তা খতিয়ে দেখা হবে- জানিয়ে মন্ত্রী বলেন, "এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। মালিকপক্ষের কোনো শক্তিশালী চক্রও যদি এর সঙ্গে জড়িত হয়, তবে সরকার তাদেরও ছাড় দেবে না। তাদেরও বিচারের আওতায় আনা হবে।"
গোয়েন্দা ব্যর্থতার কারণে গার্মেন্টস খাতে এমন ঘটনা ঘটছে কিনা- এমন প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, "গোয়েন্দাদের ব্যর্থতা আছে বলে আমরা মনে করি না। তবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দাদের নিয়ে বিশেষ ইউনিট করা হবে।"
ইতিমধ্যেই মূলত গার্মেন্টস শিল্পে গোলযোগের প্রেক্ষাপটে 'শিল্প পুলিশ' নামে একটি পৃথক ইউনিট গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২২০৪ঘ.
bdnews24