নীলফামারী, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে নীলফামারীতে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মামলার অপর আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।
নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ নুর সোমবার এ রায় দেন।
আসমিরা হলেন- ফাঁসির দণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম (২৫) এবং তার ছোট ভাই পাঁচ বছর দণ্ডপ্রাপ্ত মজিদুল ইসলাম। তারা কিশোরগঞ্জ উপজেলার মুশা গ্রামের সাহাদত আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আজহারুল ইসলাম ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে ২০০৩ সালের ১৫ মে স্ত্রী সাহিদা বেগমকে (১৯) পিটিয়ে হত্যা করে। সাহিদার বাবা এমদাদুল হক বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি হত্যা মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈম আলী একই বছরের ১০ সেপ্টেম্বর ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রভুক্ত অপর ৫ আসামি সাহাদাত আলী, মরিয়ম বেগম, জারিনা বেগম, আতিয়ার রহমান ও ভুট্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
আদালত এ মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি আইনজীবী আল মাসুদ আলাল এবং আসামিপক্ষে ছিলেন আব্দুল ওহাব চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.
bdnews24