২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে ওসিসহ আহত ১০

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যুবদল কর্মীর মৃত্যুর জের ধরে শুক্রবার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার চৌধুরী এবং তার গাড়ির চালক জামাল হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 06:16 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

নোয়াখালী, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যুবদল কর্মীর মৃত্যুর জের ধরে শুক্রবার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার চৌধুরী এবং তার গাড়ির চালক জামাল হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আগের দিন দুপুরে সন্ত্রাসীদের পিটুনিতে ধন্যপুর গ্রামের যুবদল কর্মী মো. শরিফের মৃত্যু হয়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাকর্মীরা শুক্রবার সকাল থেকে সোনাপুর ও আমিশাপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করতে থাকে। এতে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ওসি কাউছার চৌধুরী জানান, আমিশাপাড়া বাজারে বিএনপি কর্মীদের বিক্ষোভ মিছিল চলার সময় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়। তিনি জানান, শরিফের মৃত্যুর ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কোন মামলায় হয়নি। তবে পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় মামলা হবে। স্থানীয় বিএনপি দলীয় সাংসদ মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দলটির নেতা-কর্মীরা ত্রাসের রাজত্ব কায়েম করলেও ওসি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। এ কারণেই যুবদলের এ নিরীহ কর্মী হত্যার শিকার হলো। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের বলেন, শরিফ হত্যায় যাদের নাম বলা হচ্ছে তারা কেউই আওয়ামী লীগ বা তার সমর্থক কোনো সংগঠনের নেতাকর্মী নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/০০২৩ ঘ.