২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে বিডিআরকে সহযোগিতার আশ্বাস নাসাকার

বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ রোধে বিডিআরকে সহযোগিতা করবে আশ্বাস দিয়েছেন নাসাকা কর্মকর্তারা। মঙ্গলবার সকালে কক্সবাজারে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী নাসাকা'র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে নাসাকা কর্মকর্তারা এ আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

কক্সবাজার, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ রোধে বিডিআরকে সহযোগিতা করবে আশ্বাস দিয়েছেন নাসাকা কর্মকর্তারা। মঙ্গলবার সকালে কক্সবাজারে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী নাসাকা'র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে নাসাকা কর্মকর্তারা এ আশ্বাস দেন। বৈঠক শেষে কক্সবাজারের ১৭ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা (অপারেশন) মেজর মোহাম্মদ তানিম হোসেন সাংবাদিকদের এ কথা জানান। কক্সবাজারের একটি হোটেলে সকাল ১১টায় বিডিআর-নাসাকা পতাকা বৈঠক শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী বৈঠকে সাতটি নির্ধারিত বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। বিডিআর কর্মকর্তা তানিম হোসেন জানান, রোহিঙ্গা সমস্যা, কাঁটা তারের বেড়া নির্মাণ, চোরাচালান প্রতিরোধ, মাদক পাচার নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, বৈঠকে নাসাকা কর্মকর্তারা দাবি করেছেন- দুই দেশের নিরাপত্তার জন্যই মিয়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ করেছে। তবে কাঁটা তারের বেড়া দেওয়ার আগে বাংলাদেশের সঙ্গে পরামর্শ না করার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। মেজর তানিম জানান, বর্তমানে বাংলাদেশের কারাগারে ৬০ জন মিয়ানমারের নাগরিক এবং মিয়ানমারের কারাগারে ১৩ জন বাংলাদেশি বন্দি রয়েছেন। এদের ব্যাপারে মুক্তির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পতাকা বৈঠকে বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিডিআরের চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল দিদারুল আলম চৌধুরী। নাসাকার ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেন মংডু বর্ডার ইমিগ্রেশন হেডকোয়ার্টারের পরিচালক অং ই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৬ ঘ.