সিলেট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টিপাইমুখ ড্যাম নির্মিত হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকাসহ বাংলাদেশের সিলেট থেকে ভোলা পর্যন্ত নদী অববাহিকার মানুষের জীবিকা, কৃষি, জীববৈচিত্র, পরিবেশ ও প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হবে।
সোমবার বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে 'সংহতি বন্ধন' অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত সংহতি বন্ধনে যোগ দিয়েছেন ভারতের আসাম ও মনিপুর রাজ্য থেকে পাঁচজন প্রতিনিধি।
ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখ নামক স্থানে বরাক নদীতে ড্যাম নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে জনমত সৃষ্টি এবং সাধারণ মানুষকে নদী-অধিকার সচেতন করে তুলতে প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করছেন।
এর আগে শুক্রবার তারা ঢাকায় অনুষ্ঠিত টিপাইমুখ সম্মেলনে যোগ দেন।
প্রতিনিধি দলে আছেন- মনিপুর সেন্ট্রাল ইউনিভার্সিটির আর্থ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আর কে রঞ্জন সিংহ, নদী-অধিকার, পরিবেশ ও সংবাদকর্মী রামানন্দ, জোশেফ মার, বিক্রম জিত ও অর্ণব দত্ত।
ড. রঞ্জন বলেন, "টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশ হবে আলটিমেট লুজার (চূড়ান্ত ক্ষতিগ্রস্ত)। বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি জানাতে আমরা এসেছি। এ বাঁধ নির্মাণ মোটেই বাস্তব সম্মত নয়।"
তিনি আরও বলেন, "আমরা চাই- বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসবে। মনে রাখতে হবে, টিপাইমুখ একই সঙ্গে অভিন্ন নদীরও প্রশ্ন। ভারত একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না।"
অনুষ্ঠানে টিপাইমুখে ড্যাম নির্মাণ তৎপরতা শুরুর পর্যায় থেকে গত এক দশকের প্রতিবাদ আন্দোলনের একটি তথ্যচিত্র উপস্থাপন করেন জাতীয় টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটির সমন্বয়কারী প্রকৌশলী মুহম্মদ হিলালউদ্দিন।
তিনি বলেন, "পৃথিবীতে যতো প্রকৃতি বিধ্বংসী বাঁধ রয়েছে, তার ৫৭ ভাগ ভারত ও চীনে। একদিকে ভারত আর অন্য দিকে চীনে বাঁধ-বেনিয়ারা তৎপর।"
'বাঁধ-বেনিয়াদের' এ তৎপরতা ঠেকাতে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই বলে মনে করেন তিনি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইলিয়াসউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সংহতি বন্ধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শাবিপ্রবির শিক্ষক ড. সুশান্ত কুমার দাস, ড. আকতারুল ইসলাম, ড. কামাল আহমেদ চৌধুরী, ড. রেজাই করিম খন্দকার, ড. ইয়াসমীন হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলা সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুজ জহির চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১১ ঘ.
bdnews24