চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া নামক স্থানে সোমবার দুপুরে চট্টগ্রাম-বান্দরবান সড়কে বাস চাপায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) একজন কর্মকর্তা মারা গেছেন।
নিহতের নাম- বিমল নাথ (৩২)। তিনি বেসরকারি সংস্থা প্রত্যাশী'র সাতকানিয়া উপজেলাধীন বোমাং হাট শাখার ব্যবস্থাপক। তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়।
দুর্ঘটনার পর জড়ো লোকজনের ভিড়ের কারণে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম-বান্দরবান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তারা লোকজনকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে বশির আহমদ নামের একজন প্রত্যক্ষদর্শী জানান।
বান্দারবান প্রতিনিধি স্থানীয় একজন সাংবাদিকের বরাত দিয়ে জানান, রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় মোটরসাইকেল আরোহী বিমলকে রুনা এন্টারপ্রাইজ নামের একটি বাস চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে এনজিও কর্মকর্তা বিমল উপজেলার বাজালিয়া বুড়ির দোকান নামক স্থানে বিমল নাথ দুর্ঘটনার শিকার হন। ওই সময় তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।
বাস ও এর চালককে পুলিশ আটক করতে পারেনি। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24