হবিগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জে একটি হত্যা মামলায় সোমবার সাতজনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আওলাদ হোসেন ভূইয়া এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের মন্নাফ ওরফে তোতা মিয়া এবং তার ছয় ছেলে মাহমুদ মিয়া, সফিকুল মিয়া, এজাজ মিয়া, সাজ উদ্দিন, গোলাপ মিয়া ও আছর মিয়া।
এদের মধ্যে গোলাপ ও আছর ছাড়া বাকি সবাই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল আহাদ জানান, ২০০০ সালের ১২ অক্টোবর বিকেলে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের সেজু মিয়া (৩৫) বাজারে যাওয়ার পথে তার ফুফা মন্নাফ এবং ফুফাত ভাইয়েরা হামলা চালায়। সেজু মিয়া পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর আগে সেজু মিয়া বানিয়াচং থানায় একটি জিডি করেছিলেন। পরে তার চাচা ছখাত মিয়া নয়জনকে আসামি করে একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯১২ ঘ.
bdnews24