২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকশার ব্যত্যয়: রাজধানীর ৩০০০ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

কর্তৃপক্ষের অনুমোদন করা নকশার ব্যত্যয় ঘটানোর জন্য ঢাকার চিহ্নিত ৩০০০ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। সোমবার সংসদে উপস্থাপিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কর্তৃপক্ষের অনুমোদন করা নকশার ব্যত্যয় ঘটানোর জন্য ঢাকার চিহ্নিত ৩০০০ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। সোমবার সংসদে উপস্থাপিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, এই ৩০০০ ভবনের বিরুদ্ধে ইমারত আইন ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২০১০ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই : ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদকে জানান, ২০১০ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের সব ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। নাটোর-৩ আসনের সাংসদ জুনাইদ আহমেদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও জানান, ২০১০ সালে প্রাথমিক স্তরের প্রতিটি শিক্ষার্থীকে প্রতিটি বিষয়ে নতুন পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। এমপিওভুক্ত প্রসঙ্গে : দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহীমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিও (শিক্ষক-কর্মচারিদের বেতনভাতা বাবদ সরকারি অনুদান) খাতে ১১২ কোটি টাকার বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এ সংক্রান্ত উচ্চ ক্ষমতার কমিটির সুপারিশ পাওয়ার পর এমপিওভুক্তির উদ্যোগ গ্রহণ করা হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন : টাঙ্গাইল-৬ আসনের সাংসদ খন্দকার আবদুল বাতেনের এক প্রশ্নের জবাবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান বলেন, বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ ধরণের প্রকল্প বাস্তবায়নে সাধারণত ৫ থেকে ৭ বছর সময় লাগতে পারে। এ বিষয়ে একটি দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসকে/১৮৪৭ঘ.