২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পীরের অনুসারী ও মুসল্লিদের সংঘর্ষ

রাজধানীর কচুক্ষেতে শুক্রবার রাতে এক পীরের অনুসারীদের সঙ্গে স্থানীয় মুসল্লিদের সংঘর্ষ হয়েছে। এসময় দুর্ঘটনাক্রমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পীরের এক অনুসারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 08:50 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর কচুক্ষেতে শুক্রবার রাতে এক পীরের অনুসারীদের সঙ্গে স্থানীয় মুসল্লিদের সংঘর্ষ হয়েছে। এসময় দুর্ঘটনাক্রমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পীরের এক অনুসারী মারা গেছেন। মৃতের নাম মিলন। ঘটনাস্থলে অন্তত দেড় ঘণ্টা তার নিশ্চল দেহ পড়ে থাকতে দেখা গেলেও তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। পরে রাত সাড়ে ১২ টার (নতুন সময়) দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কচুক্ষেত নূর মসজিদে নিয়মিত তাফসিরের সময় পীরের অনুসারীরা মসজিদে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা মসজিদে ব্যাপক ভাংচুর করে। এই ঘটনায় পৃথক এক মসজিদের ইমামসহ প্রায় ৩০জন আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত চলে। সংঘর্ষ থেমে গেলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। একটি ভবনের নীচ তলায় আটকে থাকা পীরের অনুসারীদের পুলিশ ঘেরাও করে রাখে। কচুক্ষেত নূর মসজিদের পেশ ইমাম মুফতি সৈয়দ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাগরিবের নামাজের পর মসজিদে নিয়মিত তফসির হচ্ছিল। পাশে একটি বাসায় চলছিল দেওয়ানবাগের ওয়াজ মাহফিল। মসজিদের মাইকে তফসির চলাকালে হঠাৎ করে দেওয়ানবাগের কয়েকজন এসে তাদের মাইক কেড়ে নেয়। এসময় বাধা দিতে গেলে পাশের এক মসজিদের ইমাম গিয়াস উদ্দিনকে তারা মারধর করে। পেশ ইমাম অভিযোগ করেন, একই সময় মসজিদের ভেতরে ইটপাটকেল মারা শুরু হলে দরজা-জানালার কাঁচ ভেঙে যায়। পেশ ইমাম জানান, ঘটনায় বিস্মিত হয়ে তিনি মাইকে এলাকাবাসীর সহায়তা চান। এরপরেই তারা রাস্তায় নেমে আসে। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, পীরের অনুসারীদের সঙ্গে তাদের অনেকক্ষণ ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এসময় দুই পক্ষই ইট-পাটকেল নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। পীরের অনুসারীরা মসজিদে এবং এলাকার মুসল্লিরা দেওয়ানবাগের ওয়াজ মাহফিল স্থলে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে পুলিশ এসে সবাইকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিলে রাত ৯টার দিকে সংঘর্ষ থামে। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি গোলাম মর্তুজা অন্তু জানান, রাত ১০টা পর্যন্ত মৃত ব্যক্তির লাশ পড়ে ছিল। মৃত ব্যক্তি মিলন (২৫) দেওয়ানবাগের পীরের মুরিদ। মিলন এবং সারোয়ার নামে তার এক আত্মীয় ওয়াজ মাহফিলে এসেছিলেন। সংঘর্ষের সময় সারোয়ার পালিয়ে যেতে পারলেও মিলন পারেননি। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহমেদ জানান, মিলন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন। বলে তিনি জানান। রাত সাড়ে ১০টার দিকে পুলিশের বেষ্টনীর মধ্যে পীরের অনুসারীরা ভবনের নিচ তলা থেকে বের হয়ে আসেন। তাদের অনেকেরই শরীরের বিভিন্নস্থানে ক্ষতের চিহ্ন দেখা গেছে। এদের একজন শহীদুল আমাদের প্রতিনিধির কাছে দাবি করেন, তারা মসজিদে হামলা করেননি। বরং মসজিদ থেকেই মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছিল। এটা পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসকে/০০১০ঘ.