২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি থেকে তুলে নিয়ে বিএনপি নেতাকে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে বিএনপির এক স্থানীয় নেতাকে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে তাজমহল রোডের কিশলয় স্কুল সংলগ্ন খেলার মাঠ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 05:24 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে বিএনপির এক স্থানীয় নেতাকে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে তাজমহল রোডের কিশলয় স্কুল সংলগ্ন খেলার মাঠ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। (আরো তথ্যসহ) কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত মঞ্জুর মোর্শেদ শিপু (৪১) ঢাকা মহানগরীর ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনার প্রার্থী হতে চেয়েছিলেন বলে দলীয় নেতারা জানান। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৪টার দিকে মাঠের পূর্ব পাশে শিপুর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।" শিপু মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এ ভাড়া থাকতেন। স্থানীয় জয়েন্ট কোয়ার্টার এফ ব্লকে তার নিজের বাসাও রয়েছে। স্বজনদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা আফজাল জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শিপু তার গাড়ি নিয়ে মোহাম্মদীয়া হাউজিংয়ে ঢোকার সময় একটি মাইক্রোবাস থেকে কয়েকজন লোক নেমে এসে তাকে তুলে নিয়ে যায়। পুলিশের তথ্য অনুযায়ী মোহাম্মদপুর থানার সন্ত্রাসীর তালিকায় শিপুর নাম আছে। নিহতের বড় ভাই আলমগীর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্ত্রী হাসিনা বেগম কাকলীকে নিয়ে বাড়ি ফিরে গ্যারেজে গাড়ি ঢোকানোর সময় একটি মাইক্রোবাস থেকে ৬/৭ জন সাধারণ পোশাকের সশস্ত্র্র ব্যক্তি শিপুকে ডেকে নেয়। তারা বলে 'আপনার সঙ্গে কথা আছে'। এরপর তারা শিপুকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।" আলমগীর জানান, বাড়ির পাহারাদাররা মাইক্রোবাস আরোহীদের কোমরে অস্ত্র দেখেছে। তাদের চুল ছোট করে ছাঁটা ছিল। কয়েকজন ছিল যুবক এবং কয়েকজন মধ্যবয়স্ক। শিপুর লাশ ময়না তদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে নেয় পুলিশ। তার গোটা শরীরে মারের চিহ্ন ও কপালের বাঁ পাশে গুলির ক্ষতচিহ্ন ছিল। তবে পুলিশের তৈরি করা সুরতহাল প্রতিবেদন দেখে সন্তুষ্ট হতে পারেননি মর্গের চিকিৎসক। তাই ফরেনসিক বিশেষজ্ঞ আখম শফিউজ্জামান খায়ের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল ছাড়া লাশের ময়নাতদন্ত করতে অস্বীকৃতি জানান। শিপুর মৃত্যুর খবর পেয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ঢাকা মেডিকেলে যান। তারা নিহতের পরিবারকে সান্ত্বনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/এসকে/২০৪৪ঘ.