২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলেকট্রিক ট্রেন চালুর সমীক্ষা শুরু হচ্ছে

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর সম্ভাবনার আভাস দিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানিয়েছেন, এর একটি সমীক্ষা প্রকল্প শুরুর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। মন্ত্রী বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 12:48 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর সম্ভাবনার আভাস দিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানিয়েছেন, এর একটি সমীক্ষা প্রকল্প শুরুর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। মন্ত্রী বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান। কুমিল্লা-৯ আসনের সাংসদ মো. তাজুল ইসলামের লিখিত প্রশ্নের উত্তরে আবুল হোসেন বলেন, "ইলেকট্রিক ট্রেন চালুর সমীক্ষা প্রকল্পের কাজ শেষ হলে অগ্রাধিকার ভিত্তিতে সরকার ট্রেন চালুর ব্যবস্থা করবে। এ বিষয়ে একটি সমীক্ষা প্রকল্প হাতে নিতে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের কার্যক্রম গ্রহণ করেছে।" অপর এক প্রশ্নের উত্তরে যোগাযোগমন্ত্রী জানান, বাংলাদেশ-ট্রান্স এশিয়ান রেলপথ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। গত ৯ মার্চ মন্ত্রিসভার বৈঠকে স্বাক্ষরিত 'ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট অন দ্যা ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক' চুক্তিটি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদিত করা হয়েছে। তিনি জানান, ট্রান্স এশিয়ান রেলপথের তিনটি রুট অন্তর্ভুক্ত করা হয়েছে, এগুলো হচ্ছে, রুট-১: গেদে (ভারত)-দর্শনা-ইশ্বরদী-বঙ্গবন্ধুসেতু-জয়দেবপুর-টঙ্গি-আখাউড়া-চট্টগ্রাম-দোহাজারী-গুনদুম (মিয়ানমার)। সাব রুট-১: টঙ্গি-ঢাকা। সাব রুট-২: আখাউড়া-কুলাউড়া-শাহবাজপুর। রুট-২: সিঙ্গাবাদ (ভারত)-রোহনপুর-রাজশাহী-আবদুলপুর-ঈশ্বরদী। রুট-৩: রাধিকাপুর(ভারত)- বিরল-দিনাজপুর-পাবর্তীপুর-আব্দুলপুর-ঈশ্বরদী। রাজধানীতে দ্বিতল সড়ক নির্মাণ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ বেগম কবরীর প্রশ্নের উত্তরে যোগাযোগমন্ত্রী জানান, রাজধানী ঢাকায় দ্বিতল সড়ক অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের উত্তর প্রান্তে পুরাতন বিমানবন্দর হতে ফার্মগেট-সোনারগাঁও হোটেল-কারওয়ান বাজার-মগবাজার-মালিবাগ রেল ক্রসিং হয়ে শনির আখড়া পর্যন্ত , দ্বিতীয় পর্যায়ে সোনারগাঁও হোটেলের সামনে থেকে সোনারগাঁও সড়ক-কাঁটাবন-টিকাটুলি হয়ে সায়েদাবাদ পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ে পুরাতন বিমান বন্দর হতে নতুন বিমান বন্দর সড়ক-উত্তরা উপ শহর পর্যন্ত এই দ্বিতল সড়ক নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ সাংসদ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের লিখিত প্রশ্নের উত্তরে যোগাযোগমন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে। ২০১৩ সালে এ প্রকল্পের কাজ শেষ হবে। এসএমএস'র মাধ্যমে ট্রেনের টিকিট সাংসদ সালমা ইসলামের এক প্রশ্নের উত্তরে যোগাযোগমন্ত্রী জানান, এসএমএসের মাধ্যমে ট্রেনের ভ্রমণ সংক্রান্ত তথ্য জানার সুবিধা ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে টিকেট কেনার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। মন্ত্রী জানান, বৃদ্ধ ও রোগীদের জন্য সব গুরুত্বপূর্ণ স্টেশনে হুইল চেয়ার সরবরাহ করা হবে। রাজধানীর যানজট নিরসনে ফ্লাইওভার সাংসদ নাজমা আকতারের এক প্রশ্নের উত্তরে যোগাযোগমন্ত্রী জানান, রাজধানীর ৭টি স্থানে ফ্লাইওভার নির্মাণ করা হবে। এগুলো হচ্ছে- প্রগতি সরণী, বনানী স্টাফ কোয়ার্টার, মগবাজার,এফডিসি, মালিবাগ, সায়েদাবাদ ও জুরাইন। তবে মন্ত্রী এর আগে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, রাজধানীর ছয়টি লেভেল ক্রসিংয়ে ওভারপাস হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রগতি সরণীর ফ্লাইওভার নির্মাণের বিষয়টি আগেরই সিদ্ধান্ত নেওয়া আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এমআই/১৮৫৫ ঘ.