ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ু প্রবাহ দুর্বল; বাতাসে আর্দ্রতা বেশি। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তাই ভ্যাপসা গরম। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। সব মিলিয়ে হাঁসফাঁস অবস্থা দেশবাসীর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুর্বল মৌসুমী বায়ু প্রবাহ এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকার কারণেই গরম বেশি অনুভূত হচ্ছে। এবার একটু আগেভাগেই এসেছিল মৌসুমী বায়ু প্রবাহ। তবে সে অনুপাতে বৃষ্টি হয়নি খুব একটা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা বিভাগসহ রাজশাহী, ঈশ্বরদী, ঢাকা, শরিয়তপুর, মাদারীপুর কুমিল্লা, সীতাকুণ্ড, রাঙামাটির ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা বজলুর রহমান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাতাসে আর্দ্রতা বেশি। তাপমাত্রাও বেশি। এছাড়া সারা দেশের ওপর মৌসুমী বায়ুর বিস্তার ঘটলেও এখনও শক্তিশালী হয়নি। সব মিলিয়েই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।"
তিনি জানান, দুর্বল মৌসুমী বায়ুর কারণে বৃষ্টি কম হচ্ছে। বৃষ্টি কম হলেই তাপমাত্রা কমে আসবে।
বজলুর রহমান জানান, ঘূর্ণিঝড় আইলার সঙ্গে মৌসুমী বায়ু প্রবাহের বিস্তার ঘটলেও এরপর আর তা তেমন শক্তি সঞ্চয় করতে পারেনি। পুরোপুরি সক্রিয় হতে সময় নিচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৪ শতাংশ। সন্ধ্যা ৬টায় ছিল ৫৬ শতাংশ।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বগুড়ায় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, চাঁদপুরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইলে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস,, ঈশ্বরদীতে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১১১১ ঘ.
bdnews24