২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে গাজীউল হকের প্রতি ফুলেল শ্রদ্ধা

ফুলেল শ্রদ্ধার মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষাসৈনিক অ্যাডভোকেট গাজীউল হককে শেষ বিদায় জানাচ্ছেন। মন্ত্রিসভার সদস্য, সাংসদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মরহুমের কফিনে ফুল দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 04:47 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলেল শ্রদ্ধার মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষাসৈনিক অ্যাডভোকেট গাজীউল হককে শেষ বিদায় জানাচ্ছেন। মন্ত্রিসভার সদস্য, সাংসদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মরহুমের কফিনে ফুল দিচ্ছেন। প্রয়াত ভাষাসৈনিকের মরদেহ দুপুর ১২ পর্যন্ত রাখা হবে ভাষা আন্দোলনের মূল স্মারক কেন্দ্রীয় শহীদ মিনারে। এর পর তার মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হবে। বগুড়া শহরে পারিবারিক কবরস্থানে গাজীউল হককে দাফন করা হবে। সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গাজীউল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মো. সালাহউদ্দিন জানাজায় ইমামতি করেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, সহসভাপতি এম কে আনোয়ারসহ মন্ত্রী, সাংসদ, রাজনীতিক, আইনজীবীরা জানাজায় অংশ নেন। স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে গাজীউল হকের মরদেহ বায়তুল মোকাররম মসজিদে নিয়ে আসা হয়। মরদেহের সঙ্গে তার একমাত্র ছেলে, জামাতা ও আওয়ামী লীগের সাংসদ শেখ হেলাল ছিলেন। ২৬ জুন ঢাকায় গাজীউল হকের কুলখানি অনুষ্ঠিত হবে বলে তার ছেলে জানান। বুধবার বিকালে গাজীউল হক তার রামপুরায় বাসায় মারা যান। তার মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/জেএফ/এমআই/১০৪৫ ঘ.