ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করার সুপারিশ জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো চিঠি পরীক্ষা করে মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
স্পিকার বুধবার বিকালে সাংবাদিকদের বলেন, "সংসদ সচিবালয়ে চিঠি পৌঁছেছে। তবে এখনও আমার কাছে আসেনি।
"চিঠি দেখে পর্যালোচনা করে মতামত দেওয়া হবে।"
বুধবার সকালেই চিঠিটি সংসদ সচিবালয়ে পাঠায় ইসি।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তথ্য গোপন করেছেন সালাহউদ্দিন কাদের। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ-এর ১২ এর ৩(খ) ধারা লঙ্ঘন করেছেন এবং তা সংশোধনের সুযোগ দেওয়ার পর অঙ্গীকার করে তার 'বরখেলাপ' করেছেন এই সাংসদ। এ কারণে সাংসদ থাকার যোগ্য নন সাকা চৌধুরী।
এ অবস্থায় সাকা চৌধুরীর নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনটি শূন্য ঘোষণা চায় ইসি।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার সাংবাদিকদের বলেন, "সালাহউদ্দিন কাদের চৌধুরী তথ্য গোপন করেছেন। এ বিষয়ে স্পিকারকে জানানো হয়েছে। আইন পর্যালোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন।"
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার বলেন, "হলফনামা করে অসত্য তথ্য দেওয়ায় এই সাংসদের (সাকা চৌধুরী) সদস্যপদ বাতিলের বিষয়ে আমরা মতামত দিয়েছি। স্পিকার সংসদের আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।"
তিনি বলেন, "এ ক্ষেত্রে দ্য মেম্বার অব পার্লামেন্ট (ডিটারমিনেশন অব ডিসপ্যুট) অ্যাক্ট-১৯৮০ অনুসরণ করা হতে পারে।"
এ নিয়ে স্পিকারের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ইসির কোনও করণীয় থাকলে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সাখাওয়াত।
ইসি সচিবালয়ের উপ-সচিব (আইন) একেএম সলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংসদ সচিবালয়ে পাঠছানো চিঠির সঙ্গে সাকা চৌধুরীর হলফনামার কপি, আপিলের রায়ের কপিসহ সাতটি সংযুক্তি দেওয়া হয়েছে।
সলিমুল্লাহ জানান, আসন শূন্য করার বিষয়টি আইনগত প্রক্রিয়া। নির্বাচন কমিশন সাকা চৌধুরী আসন শূন্য ঘোষণার জন্য স্পিকারের দিক-নির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যেই এই চিঠি দিয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে একটু সময় লাগবে।
তবে ছয় বার সাংসদ নির্বাচিত বিএনপির এই নেতা ইসিকে চ্যালেঞ্জ ছুড়ে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার দেওয়া তথ্য ইসি মিথ্যা প্রমাণ করে দেখাক।
সাকা চৌধুরীর দাবি, 'আইনগত সীমাবদ্ধতা'র কারণে তার বিষয়ে ইসি ও স্পিকারের কিছু করার ক্ষমতা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেআরসি/এসএম/এমআই/এমআই/২০২০ ঘ.
bdnews24