২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রী শহীদুলকে ছেড়ে দিয়েছে বিএসএফ

দৃক-এর প্রতিষ্ঠাতা, দৃকনিউজের প্রধান সম্পাদক ও বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলমকে প্রায় ছয় ঘণ্টা আটক রাখার পর মঙ্গলবার রাত ১১ টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ রাইফেলস এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী - বিএসএফ। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে আটক করা হয়েছিল। (আরো তথ্যসহ -১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 05:48 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৃক-এর প্রতিষ্ঠাতা, দৃকনিউজের প্রধান সম্পাদক ও বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলমকে প্রায় ছয় ঘণ্টা আটক রাখার পর মঙ্গলবার রাত ১১ টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ রাইফেলস এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী - বিএসএফ। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে আটক করা হয়েছিল। ঘটনার সময়ে শহীদুল আলমের সঙ্গী দৃকের সুমেরু মুখোপাধ্যায় রৌমারী সীমান্ত থেকে রাত সাড়ে এগারোটায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টা ১৫ মিনিটের দিকে তাকে বিডিআর এর কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, তারা তিনজন যখন ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ার দিকে ক্যামেরা তাক করে ছবি তুলছিলেন তখন বিএসএফ'র একটি টহল দল তাদের ডাক দেন। সেই ডাকে সাড়াদিয়ে শহীদুল আলম দু' সঙ্গীকে রেখে বিএসএফ সদস্যদের সঙ্গে কথা বলতে গেলে তারা তাকে ধরে নিয়ে যায়। তাদের সঙ্গে নির্দেশক হিসেবে স্থানীয় একজন ছিলেন। জামালপুরের ৬ রাইফেলস ব্যাটালিয়নের কমাডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান শহীদুলকে বিডিআরের কাছে হস্তান্তরের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় দৃক নিউজের সম্পাদক আজিজুর রহিম পিউ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বাংলাদেশ অংশ থেকে তাকে আটকের পর বিএসএফ নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। তিনি 'ন্যাশনাল জিওগ্রাফিক' এর হয়ে ব্রক্ষপুত্র নদের উপর একটি প্রামাণ্যচিত্র নিমার্ণের জন্য সেখানে ছবি তুলছিলেন। বিডিআর ও এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহিদুল আলম ও তার সঙ্গীরা স্থানীয় এক ব্যক্তিকে নিয়ে রৌমারী উপজেলার চর নতুন বন্দর সীমান্ত এলাকায় যান। সেখানে তারা ১০৬৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে কাঁটাতারের বেড়ার ছবি তুলতে থাকেন। এসময় বিএসএফ'র সাহাপাড়া ক্যাম্পের একটি দল শহীদুলকে ধরে নিয়ে যায়। স্থানীয়রা বলছেন, ছবি তুলতে তুলতে অসাবধানতাবশত তিনি জিরো লাইন অতিক্রম করে ভারতের নোম্যান্সল্যান্ডে ঢুকে থাকতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএমটি/এইচএ/২৩৫৫ ঘ.