ঝিনাইদহ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর এলাকার পুলিশ ফাঁড়িতে সোমবার সন্ধ্যায় হামলায় তিন পুলিশ ও দুই আনসার সদস্য আহত হয়েছেন।
এর আগে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন কমপক্ষে আটজন।
হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
আহত তিন পুলিশ সদস্য হলেন- উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ ও কনস্টেবল কামরুল। তবে আহত আনসার সদস্যদের নাম জানা যায়নি।
সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাট ফাজিলপুর বাজারের মুদি দোকানি ফিরোজ ও হাবিবের মধ্যে দেনা পাওনা নিয়ে হাঙ্গামা সৃষ্টি হয়। পুলিশ দু'পক্ষকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে ফিরোজের পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে ফাঁড়িতে হামলা চালায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম।
তিনি জানান, হামলাকারীরা ফাঁড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে আহত হন পুলিশ ও আনসার সদস্যরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বলে এসআই হাকিম জানান।
প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় সাংবাদিক জানান, পুলিশের লাঠিপেটায় সাত থেকে আটজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সময় বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি জানান, খবর পেয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হোসাইন খান, সহাকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24