ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য বিদায় নেওয়া সেনাপ্রধান মইন উ আহমেদকে গ্রেপ্তারের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'নির্যাতনবিরোধী ছাত্র আন্দোলন' এর ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।
দুপুরে ৩০-৪০ জনের এ মিছিলে মূলত ছাত্রদল নেতা-কর্মীরাই ছিলেন।
তারা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মিছিলটি শুরু করে। এরপর ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আবার সেখানে ফিরে সমাবেশ করে তারা।
চার বছর দায়িত্ব পালনের পর সেনাপ্রধানের পদ থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মইন উ আহমেদ। দেশের ইতিহাসে ঘটনাবহুল ২০০৭ ও ২০০৮ সালে সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গঠিত নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পেছনে সেনাবাহিনী তথা জেনারেল মইনের জোরালো নেপথ্য ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়। ওই সময়ে জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তার বক্তব্য ও ভূমিকা নিয়ে বিতর্ক আছে।
জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে সেনা সদস্যদের বিবাদের জের ধরে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ওই সময় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ অনেক ছাত্রকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা সাবেক সেনাপ্রধান মইনের একটি কুশপুত্তলিকা দাহ করে।
মিছিল শেষে সমাবেশে জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের সভাপতি মাসুদ খান পারভেজ সদ্য বিদায় নেওয়া সেনাপ্রধান মইনকে সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
জরুরি অবস্থায় সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ
bdnews24