ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে শনিবার সন্ত্রাসী হামলায় আহত এক সেনাসদস্য রোববার ভোরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তার নাম ফেরদৌস চৌধুরী (৪০)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন।
হবিগঞ্জ জেলার গ্রামের বাড়িতে ছুটিতে থাকাকালে শনিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আহত হন তিনি।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ৯টার দিকে হবিগঞ্জের রতনপুর বাজার চৌরাস্তায় অজ্ঞাত সন্ত্রাসীরা ফেরদৌসকে চাইনিজ কুড়ালসহ অন্যান্য ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।
তিনি বলেন, "গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর ঢাকায় সিএমএইচে নিয়ে আসা হয়। রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয়।"
এসআই রব্বানী জানান, রোববার সকালে ক্যান্টনমেন্ট থানা পুলিশ সিএমএইচ থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সেখানে ময়নাতদন্ত শেষে রাতে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24