কক্সবাজার, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের ভাঙন কবলিত কুতুবদিয়া দ্বীপ ও দ্বীপবাসীকে রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ ১১ দফা দাবি জানিয়েছেন উপজেলার কয়েকজন জনপ্রতিনিধি।
তারা দাবি করেন, স্থায়ী ও পরিকল্পিত বেড়িবাঁধের অভাবে দ্বীপটি দিনে দিনে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ কারণে উদ্বাস্তু হতে চলেছে দ্বীপের দেড় লাখ মানুষ।
শনিবার দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, "অতীতে কুতুবদিয়াকে রক্ষার নামে অস্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। দ্বীপটিকে রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।"
তিনি বলেন, "ঘূর্ণিঝড় আয়লায় কুতুবদিয়ার ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে আট কিলোমিটার সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।"
এছাড়া কুতুবদিয়ার চারপাশে 'ম্যানগ্রোভ ফরেস্ট' সৃষ্টি, বেড়িবাঁধের বাইরে বসবাসকারী এক হাজার পরিবারকে পুনর্বাসন, আরও ১০০ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, ঘূর্ণিঝড় আয়লায় বিধ্বস্ত আজম সড়কটি দ্রুত মেরামত, বিদ্যুৎ ব্যবস্থার স্থায়ী সমাধান, দ্বীপের সব শিক্ষা প্রতিষ্ঠানের ভবন দুর্যোগকালে ব্যবহার উপযোগী করে নির্মাণ, বাযুচালিত বিদ্যুৎ প্রকল্প পূর্ণাঙ্গভাবে চালু এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৬০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর থেকে দ্বীপে ভাঙন দেখা দেয়। ১৯৮৭ ও ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, কৈয়ারবিল, বড়ঘোপ এবং আলী আকবর ডেইল ইউনিয়নের খুদিয়ার টেকসহ দ্বীপটির প্রায় এক-তৃতীয়াংশ সমুদ্র গর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে যায়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- কুতুবদিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস খোন্দকার ও হাসিনা আকতার বিউটি, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমদ, লেমশিখালী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার এবং আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান আবুল হাশেম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৬ ঘ.
bdnews24