২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সালেকীন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর মতিহার থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সিরাজুল ইসলাম ওরফে সিরাজুস সালেকীনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

রাজশাহী, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মহানগরীর মতিহার থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সিরাজুল ইসলাম ওরফে সিরাজুস সালেকীনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী বিশ্ব^বিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার থেকে রাত সাড়ে সাতটার দিকে সালেকীনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। তিনি জানান, সালেকীনের বিরুদ্ধে হত্যা, বোমাবাজি ও শিবিরের হয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির অভিযোগে বিভিন্ন থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে ওয়ার্ক অ্যাসিস্টেন্ট হিসেবে চাকরি করেন। তার বাড়ি বিনোদপুরে। ওসি জানান, বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান স্বপন এবং ইসমাইলের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা হয়েছে। ২৩ মে বিনোদপুরে পুলিশের ওপর শিবিরের হামলার ঘটনায় করা মামলারও আসামি সালেকীন। তাকে নগরীর বোয়ালিয়া মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে তিনি জানান। বোয়ালিয়া জুনের সহকারী পুলিশ কমিশনার আহমার উজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালেকীনকে জিজ্ঞাসাবাদ করা হবে।" ২০০৪ সালের ২৪ ডিসেম্বর রাবি শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইউনুস হত্যা মামলায় পুলিশ সালেকীনকে গ্রেপ্তার করেছিল। সিলেটে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান গ্রেপ্তার হওয়ার পর ওই হত্যাকাণ্ডে জেএমবি জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়। পরে সালেকীনকে বাদ দিয়ে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.