২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ উৎপাদন বাড়াতে পদ্মার ২০ কিমি অংশ নতুন অভয়াশ্রম ঘোষণা

পদ্মা নদীর শরীয়তপুর ও চাঁদপুর এলাকার প্রায় ২০ কিলোমিটার অংশকে নতুন করে অভয়াশ্রম ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছরের মার্চ ও এপ্রিল দুই মাস নদীর ওই অংশে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। দেশের চারটি নদীতে অভয়াশ্রম ঘোষণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 07:58 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদ্মা নদীর শরীয়তপুর ও চাঁদপুর এলাকার প্রায় ২০ কিলোমিটার অংশকে নতুন করে অভয়াশ্রম ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছরের মার্চ ও এপ্রিল দুই মাস নদীর ওই অংশে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। দেশের চারটি নদীতে অভয়াশ্রম ঘোষণা করে ইলিশ উৎপাদনে সাফল্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে ঘোষিত অভয়াশ্রম এলাকা হচ্ছে উত্তর-পূর্বে শরীয়তপুরের ভেদরগঞ্জের কাছিকাটা পয়েন্ট, উত্তর-পশ্চিমে জেলার নড়িয়ার ভোমকড়া পয়েন্ট, দক্ষিণ-পশ্চিমে জেলার ভেদরগঞ্জের তারাবুনিয়া পয়েন্ট এবং দক্ষিণ-পূর্বে চাঁদপুর জেলার মতলবের বেপারিপাড়া পয়েন্ট। এই এলাকায় পদ্মার ২০ কিলোমিটার অভয়াশ্রম হিসেবে চিহ্নিত হবে। সভায় বলা হয়, দেশের চারটি গুরুত্বপূর্ণ নদী এলাকাকে অভয়াশ্রম ঘোষণার পর দেশে ইলিশের উৎপাদন কিছুটা বেড়েছে। বর্তমান বছরের চলতি মাস পর্যন্ত দেশে ইলিশের উৎপাদন হয়েছে দুই লাখ ৯৫ হাজার মেট্রিক টন যা ২০০৮ সালে ছিল দুই লাখ ৯০ হাজার মেট্রিক টন। এর আগে ২০০৫ সালে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরে চর আলেকজাণ্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার, ভোলার মদনপুর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত একই নদীর ৯০ কিলোমিটার ও একই জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এবং পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকায় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য মাছ ধরা নিষিদ্ধ করা হয়। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ আলম এতে সভাপতিত্ব করেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক রফিকুল ইসলাম ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক এমজি হোসেনসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩৫৫ঘ.