চট্টগ্রাম, জুন ৯ (বিডিনউিজ টোয়েন্টিফেরা ডটকম) - দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিনকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি।
মঙ্গলবার বিকেলে নগরীর দামপাড়াস্থ সিআইডি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে অবসরপ্রাপ্ত মেজর লিয়াকতের জামিনের আবেদন আদালত না-মঞ্জুর করেছে।
তার আইনজীবী আবুল হাসান সাংবাদিকদের জানান, তিনি অসুস্থ থাকায় চট্টগ্রাম মহানগর হাকিম আবদুর রবের আদালতে জামিনের আবেদন করা হয়। আদালত তা না-মঞ্জুর করে।
একই আদালতে এনএসআই'র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমকে কারাগারে ডিভিশন দেয়ার আবেদন জানানো হয়। কিন্তু তাও নাকচ করে দেন বিচারক।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সাহাব উদ্দিনকে সিআইডি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে তিনি রাজি হননি।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সিআইডি'র কয়েকজন কর্মকর্তা জানান, দশ ট্রাক অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত বিদেশি গোয়েন্দা সংস্থা ও দূতাবাসের কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়টি জানার জন্য সাহাবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগেও সাহাবকে দু'দফায় রিমান্ডে নিয়ে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। ঢাকায় টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের পর সাহাব মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর পরিপ্রক্ষিতে এনএসআই'র সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
২ মে গভীর রাতে ঢাকার গ্রিন রোডের বাসা থেকে সিআইডি পুলিশ সাহাবকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/০০৪৫ ঘ.
bdnews24