চট্টগ্রাম, জুন ৯ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভোয়া) মেয়াদ উত্তীর্ণ কার্যকরী কমিটি বাতিল করে এসোসিয়েশনের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত একজন প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে এসোসিয়েশনের এক সদস্যের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং ডিটিও'র (ডাইরেক্টর অব ট্রেড অর্গানাইজেশনস) প্রতি উকিল নোটিশ পাঠানো হয়েছে।
ক্যাপ্টেন সফি নামের এসোসিয়েশনের এক সদস্যের পক্ষ থেকে পাঠানো উকিল নোটিশে আগামী সাতদিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার দাবি জানিয়ে বলা হয়, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এম এম নুরুজ্জামান সোমবার এই উকিল নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, বিসিভোয়ার বর্তমান কমিটিকে দু'বছরের জন্য নির্বাচিত করা হয়েছিল। কমিটির মেয়াদ ২০০৫ সালের ৩০ মার্চ উত্তীর্ণ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/টিআর/২২৪৮ ঘ.
bdnews24