নরসিংদী, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ২০ বছর আগে নরসিংদীর রায়পুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোজ্জাম্মেল হককে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম মঙ্গলবার বিকেল ৩টায় এ রায় দেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- হোসেন আলী, আব্দুল খালেক, সুরুজ মিয়া, বাছেদ, মজিবুর রহমান।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জহির, জয়নাল, ও জহু।
মামলাটি বিচারাধীন থাকার সময় ছয় আসামির মৃত্যু হয়।
রাজনৈতিক কোন্দলের কারণে ১৯৮৫ সালের ২৯ জানুয়ারি রাতে রায়পুরার জাতীয় পার্টি নেতা মোজ্জাম্মেল হককে তার মেথিকান্দার বাড়ি থেকে ধরে নিয়ে একই দলের প্রতিপক্ষরা পার্শ্ববর্তী একটি জমিতে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় মোজাম্মেলের বড় ভাই মোতালিব বাদী হয়ে ১৪ জনকে আসামি করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই মতিনুর রহমান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
১০ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালত এ রায় দেয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অলিউল্লাহ। আসামি পক্ষে ছিলেন- অ্যাডভোকেট শওকত আলী পাঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৭ ঘ.
bdnews24