ফরিদপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গঠিত পাঁচ সদস্যের সরকারি তদন্ত কমিটি মঙ্গলবার ফরিদপুরে কাজ শুরু করেছে।
ফরিদপুরে দুদিন অবস্থানকালে কমিটির সদস্যরা বিভিন্ন উপজেলায় যাবেন। তারা প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে তিনদিনের মধ্যে প্রতিবেদন দেবেন বলে কমিটির প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কার্যক্রমের (পিএইচসি) পরিচালক ডা. এ বি এম জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান।
বৃহস্পতিবার জেলার চরভদ্রাশন উপজেলায় এবং শনিবার জেলার বিভিন্ন উপজেলায় ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে দুই শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে। ওষুধ খাওয়ার পর এসব শিশু পাতলা পায়খানা ও বমি করতে শুরু করে।
শনিবার সারাদেশে ভিটামিন 'এ' প্লাস ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচি পালন করা হয়। এর আওতায় দেশের ২ কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও ১ কোটি ৯০ লাখ শিশুকে কৃমিনাশক এলবেনডাজল ট্যাবলেট খাওয়ানো হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয়ে তদন্ত কমিটির প্রধান ডা. এ বি এম জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন, জনমনে সৃষ্ট আতংক দূর করা এবং ভবিষ্যতের জন্য সুপারিশ করাই কমিটির প্রধান লক্ষ্য।
তিনি বলেন, কমিটির কাজ হচ্ছে ওষুধের গুনগত মান, ওষুধের প্রয়োগ পদ্ধতি এবং শিশুদের অসুস্থতার অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা।
ডা. জাহাঙ্গীর বলেন, গোয়ালন্দে মারা যাওয়া হাবিব (১১) এর পরিবারের সদস্যদের কেউই নিশ্চিত করে বলতে পারেনি ওই দিন সে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক এলবেনডাজল ট্যাবলেট খেয়েছিল কিনা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাবিব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় মারা নাও যেতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে তিনি জানান।
জেলার সিভিল সার্জন ডা. বশীরুল ইসলাম জানান, ফরিদপুরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
শনিবার ওই কর্মসূচির পর দেশের বিভিন্ন স্থানে শিশুদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। প্রায় সব ক্ষেত্রেই অভিভাবকরা দাবি করেছেন ভিটামিন ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। কোন কোন জায়গায় মাইকিং করে গুজব ছড়ানোর খবরও পাওয়া গেছে।
সরকার এ ব্যাপারে আতংকিত না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য সোমবার তদন্ত কমিটি করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন- ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. একলাছুর রহমান, নিপসমের রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডা. আনিসুর রহমান, আইসিডিডিআরবি'র রোগতত্ত্ব বিভাগের ডা. এ এস জি ফারুক ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এস জে এম মূসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24