২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যাতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

শীতলক্ষ্যা নদীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ মঙ্গলবার শুরু হয়েছে। ১৩৪টি স্থাপনাকে অবৈধ চিহ্নিত করে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ শতাধিক পুলিশ ও এক প্লাটুন র‌্যাব সদস্য নিয়ে এই অভিযান শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

নারায়ণগঞ্জ, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীতলক্ষ্যা নদীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ মঙ্গলবার শুরু হয়েছে। ১৩৪টি স্থাপনাকে অবৈধ চিহ্নিত করে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ শতাধিক পুলিশ ও এক প্লাটুন র‌্যাব সদস্য নিয়ে এই অভিযান শুরু করেছে। প্রথম দিন শহরের টানবাজার এলাকায় চারটি বহুতল ভবনের অংশ বিশেষ, বাগান, বস্তিঘর ও কারখানা ভেঙে ফেলা হয়। এদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ কেউ অবৈধ স্থাপনা রক্ষার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জরিপ চালিয়ে শীতলক্ষ্যার দু'পাড়ে নিতাইগঞ্জ থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় ১৩৪টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এ এলাকার মধ্যে রয়েছে শহরের নিতাইগঞ্জ, টানবাজার, খানপুর, সোনারগাঁওয়ের কাঁচপুর এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইল। সকাল ১০টায় শহরের টানবাজার থেকে বিআইডব্লিউটিএ'র জাহাজ অগ্রপথিক ও অগ্রবাহক অভিযান শুরু করে। দুই শ' শ্রমিক এ উচ্ছেদ অভিযানে নিয়োগ করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. সামছুর রহমান, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, বিআইডব্লিউটিএ'র উর্ধ্বতন উপ-পরিচালক আবু জাফর হাওলাদার উপস্থিত ছিলেন। প্রথমে ব্যবসায়ী সরোজ কুমার সাহার ছয় তলা ভবনের নদীর জমি দখল করা অংশ উচ্ছেদ করা হয়। তিন হাজার ৮০ বর্গফুট নদী দখল করে এ ভবনটি নির্মাণ করা হয়। এরপর শংকর সাহার ১৮০ বর্গফুট সেমি পাকাঘর, আব্দুল আউয়ালের ছয় তলা ভবনের ৫ শ' বর্গফুটের বারান্দা, জাহাঙ্গীর আলমের পাঁচ তলা ভবনের ৩ শ' ৩০ বর্গফুট, মালেক সিকদারের ছয় তলা ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়। অন্য ভবনগুলো যেভাবে ভাঙ্গা হয়েছে বন্দর সিএসডির প্রভাবশালী ঠিকাদার মালেক সিকদারের ভবনের ক্ষেত্রে তা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রভাবে তাকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে কোনো কোনো প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন। এ ব্যাপারে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট সৈয়দ আব্দুল হাই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আবারও এ ভবনটি মেপে দেখা হবে। যদি নদীর জায়গায় তার ভবন পড়ে তবে অবশ্যই তা উচ্ছেদ করা হবে। নগর যুবদলের সভাপতি ও সাবেক পৌর কমিশনার জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, ২০০৬ সালের তত্বাবধায়ক সরকারের আমলে পরিচালিত অভিযানের সময় বিআইডব্লিউটিএ'র নির্দেশ অনুযায়ী তিনি নিজে তার বাড়ির ১০ ফুট অংশ ভেঙে ফেলেন। কিন্তু এখন আবার তার বাড়ির আরও ১০ফুট অংশ ভেঙে ফেলা হয়েছে। তিনি বলেন, "আমি লিখিতভাবে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনে আবেদন করেছি। কিন্তু আমার আবেদন আমলেই নেওয়া হয়নি" জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, "উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যত দ্রুত সম্ভব উচ্ছেদ কার্যক্রম শেষ করে শীতলক্ষ্যা নদীকে দখলমুক্ত করা হবে।" এদিকে মঙ্গলবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নূরে আলম চৌধুরী লিটন বলেন, প্রধানমন্ত্রী নিজে নদী দখলমুক্ত করার কাজ তদারকি করছেন। শীতলক্ষ্যা নদীর উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে, শেষ হবেই। বন্ধ করার কোনো সুযোগ নেই। এ সময় নৌপরিবহন মন্ত্রী ডা. আফছারুল আমিনসহ সংসদীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৮ ঘ.