২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চার লাশ উদ্ধার

রাজধানী ও এর উপকণ্ঠ থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 'আত্মহত্যা' করেছেন এসএসসিতে জিপিএ-৫ পাওয়া এক ছাত্রী। রমনা থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ৬২৮ বড় মগবাজারের বাসায় রিপ্না ঘোষ (১৬) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 02:16 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানী ও এর উপকণ্ঠ থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 'আত্মহত্যা' করেছেন এসএসসিতে জিপিএ-৫ পাওয়া এক ছাত্রী।

রমনা থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ৬২৮ বড় মগবাজারের বাসায় রিপ্না ঘোষ (১৬) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের কাকা সলীল চন্দ্র ঘোষ বলেন, "এ বছর এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে রিপ্না। তার বাবা শ্যামল চন্দ্র ঘোষ ওষুধের ব্যবসা করেন। গত এক সপ্তাহ ধরে দাঁতের ব্যাথায় ভুগছিল সে। সম্ভবত ব্যাথা সহ্য করতে না পেরে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে রিপ্না।"

দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দু' বোন ও এক ভাইয়ের মধ্যে রিপ্না সবার বড়।

সবুজবাগ থানার উপ--পরিদর্শক আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ মান্ডার (প্রথম গলি) বাসিন্দা আশরাফ আলীর বাসার নিচতলা থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

আশরাফ আলী বলেন, "নান্টু মিয়া নামের এক ব্যক্তি ও পাখি নামের এক মহিলা স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ১ জুন থেকে নিচ তলার ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। ৭ জুন থেকে ফ্ল্যাটটি তালা মারা ছিল। সোমবার পঁচা গন্ধ বের হতে শুরু করলে পুলিশকে খবর দেওয়া হয়।"

তবে নিহতের নাম আদৌ পাখি কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারণা করছে তারা।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

তুরাগ থানার উপ--পরিদর্শক সোলায়মান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে ধৌড় এলাকার তালতলা ঝিলের পাশ থেকে তজিমুন্নেসা (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মোর্শেদা আক্তার নামের এক মহিলাকে আটক করেছে।

নিহতের ভাগ্নে শফিকুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তজিমুন্নেসা। পরে তাকে না পেয়ে থানায় জিডি করা হয়।

এলাকার লোকজন জানিয়েছে, আটক মোর্শেদার সঙ্গে সর্বশেষ দেখা গেছে তজিমুন্নেসাকে।

ক্যান্টনমেন্ট থানার উপ--পরিদর্শক গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ১১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমইএচ) ষষ্ঠ তলার ফ্যামিলি মেডিকেল ওয়ার্ডের তিন নম্বর টয়লেট থেকে ল্যান্স কর্পোরাল হুমায়ুন কবীরের স্ত্রী নূরজাহান কবীর (২৭)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএম/টিআর/২০২০ ঘ.