২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগে 'বিশেষ' বিসিএস'র প্রস্তাব আসছে

সরকারি কলেজে শিক্ষকদের শূন্য পদ পূরণে শিগগিরই 'বিশেষ' বিসিএস পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হবে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 01:24 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি কলেজে শিক্ষকদের শূন্য পদ পূরণে শিগগিরই 'বিশেষ' বিসিএস পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হবে।

এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কলেজ) মাইন উদ্দিন খন্দকার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"সরকারি কলেজগুলোতে শিক্ষকের প্রয়োজন রয়েছে। অনেক পদ শূন্য রয়েছে।"

"সোমবার ৬৭০ জন প্রভাষক পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন। এজন্য এসব প্রভাষকের পদও খালি হলো। এজন্য আমরা শূন্য পদে (প্রভাষক) শিক্ষক নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে 'বিশেষ' বিসিএস পরীক্ষা আয়োজনের প্রস্তাব দেব", বলেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকতারা জানান, সারা দেশে ২৫১টি সরকারি কলেজে প্রায় ১৪ হাজারের মতো শিক্ষক পদ রয়েছে। এরমধ্যে সাড়ে বারো হাজার কর্মরত রয়েছেন। বাকি পদগুলো শুন্য রয়েছে। এর মধ্যে প্রভাষকের পদ শূন্য রয়েছে প্রায় তের শ'।

সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব অধ্যাপক মাসুমে রব্বানী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "বর্তমানে দেশের সরকারি কলেজে সব মিলে প্রায় তের শ' প্রভাষকের পদ খালি রয়েছে। শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এসব পদ পুরণ করার জন্য অবশ্যই শিক্ষক নিয়োগ করতে হবে।"

অন্যান্য পদ পদোন্নতি দিয়ে পূরণ করতে হবে বলে জানান তিনি।

অধ্যাপক মাসুমে রব্বানীর মতে, প্রভাষক পদ পূরণের জন্য 'বিশেষ' বিসিএস পরীক্ষা নেওয়া যেতেই পারে। শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগকে তিনি ইতিবাচক বলে অভিহিত করেন।

একই সঙ্গে নিয়ম অনুযায়ী কলেজ শিক্ষক নিয়োগেরও দাবি জানান তিনি।

মাসুমে রব্বানী বলেন, "নিয়ম অনুযায়ী অনার্স পর্যায়ের কলেজের একটি বিভাগে কমপক্ষে বারোজন শিক্ষক থাকার কথা। কিন্তু বেশির ভাগ কলেজের প্রতিটি বিভাগে তিন থেকে চারজন করে শিক্ষক রয়েছে। সে হিসেবে আরো দশ হাজার শিক্ষকের প্রয়োজন।"

গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২৬ তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে কয়েক শ' শিক্ষক নিয়োগ করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/টিআর/১৯২৬ ঘ.