ময়মনসিংহ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ ও শরীয়তপুরে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে।
এর মধ্যে ময়মনসিংহে তিনটি পৃথক দুর্ঘটনায় মারা গেছেন পাঁচজন। শরীয়তপুরে দু'টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার শিকারীাকান্দায় বাস চাপায় স্কুলছাত্র, ময়মনসিংহের শহরতলী খাগডহর এলাকায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী এবং ফুলপুরে বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এএফ এম আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলা পরিষদের সামনে দুপুরে ঢাকা থেকে হালুয়াঘাটগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন।
নিহতরা হলেন- আব্দুল লতিফ (৪০), আমিনুল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬)। এরা তিনজনই মোটরসাইকেল আরোহী।
তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা নামক স্থানে সকালে ঢাকাগামী একটি বাস শিমুল নামের চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে দু'ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এছাড়া শহরতলী খাগডহরে দুপুর ১টার দিকে একটি ট্রাক বাইসাইকেল আরোহী আরিফুল হককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনটি ঘটনায় কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুুলিশ কর্মকর্তা জানান।
শরীয়তপুর: জেলার ভেদরগঞ্জ উপজেলার গৈড্যা নামক স্থানে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মারা গেছেন মোটরসাইকেলের দুই আরোহী রানা সিকদার(২৫) ও সোহেল চোকদার (২৬)।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুপুর ২টার দিকে মাওয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের (তুরাগ-ঢাকা-মেট্র -জ -১১-০৭৩৭) সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইলের সংর্ঘষ হয়।
মোটরসাইকেলের অপর আরোহী সোহেল মাদবর (২৪) আহত হন। তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে পাঠানো হয়।
পুলিশ বাসটি আটক করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি বলে ওসি জানান।
গোসাইর হাট থানার উপ-পরিদর্শক (এসআই) দাদন ফকির জানান, উপজেলার নাগের পাড়া বাজারের কাছে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন আরজুবান (৬০) নামে এক মহিলা।
তিনি জানান, আরজুবান রাস্তা দিয়ে হাঁটছিলেন। পিছন দিক থেকে মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। আহতাবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
এ ব্যাপারে গোসাইর হাট থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএম/এমএসবি/১৭৫৭ ঘ.
bdnews24