২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ বছর পর ঢাকায় তোলার মতো পানি পাওয়া যাবে না: ওয়াসা

অতিরিক্ত উত্তোলনে ভূগর্ভের পানির স্তর নেমে যাচ্ছে বলে আগামী দশ বছর পর রাজধানীর মাটির নিচ থেকে তোলার মতো কোনো পানি পাওয়া যাবে না বলে হাইকোর্টকে জানালেন খোদ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 06:10 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অতিরিক্ত উত্তোলনে ভূগর্ভের পানির স্তর নেমে যাচ্ছে বলে আগামী দশ বছর পর রাজধানীর মাটির নিচ থেকে তোলার মতো কোনো পানি পাওয়া যাবে না বলে হাইকোর্টকে জানালেন খোদ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। রাজধানীর চারপাশের নদী বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ ও বালুর সীমানা নির্ধারণ করার ব্যাপারে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসক, ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং ভূমি জরিপ অধিদপ্তরের পরিচালককে সোমবার তলব করেন। বিচারপতিদের খাস কামরায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান মিয়া বলেন, ঢাকার পরিবেশ ও নদীগুলোর পানি দূষণের অন্যতম কারণ বাড়ির মালিকদের অবৈধ পয়ঃনিস্কাশন সংযোগ। বাড়ি নির্মাণের সময় বাধ্যতামূলকভাবে রিজার্ভ ট্যাঙ্ক স্থাপনের পরামর্শ দেন তিনি। প্রতিদিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, "ঢাকা শহরে এক কোটি ২০ লাখ লোক বসবাস করছে। কিন্তু মাস্টার প্ল্যান অনুযায়ী শহরে এত লোক থাকার কথা ছিল না।" বড় বড় ইমারতগুলো মাস্টার প্ল্যানের বাইরে গড়ে উঠেছে বলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন। শাহজাহান মিয়া বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে পয়ঃনিষ্কাশন লাইন স্থাপন করার পর ইমারত গড়ে তোলা হয়। কিন্তু ঢাকায় ঘটেছে একেবারে উল্টো ঘটনা। প্রথমে ইমারত তৈরি করে পয়ঃনিষ্কাশন লাইন স্থাপন করা হয়েছে। এর ফলেই মাঝে-মধ্যে পয়ঃ ও পানি সরবরাহের লাইন মিলেমিশে একাকার হয়ে যায়। বিচারপতিদের খাস কামরায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির আইনজীবী সৈয়দা রেজোয়ানা হাসান ও আইনজীবী অ্যাডভোকেট আসাদুল হক সিদ্দিকী। হাইকোর্টের বেঞ্চটি রাজধানীর চারপাশের নদী বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ ও বালুর সীমানা নির্ধারণ করার জন্য আগামী চার মাসের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসককে মৌখিক নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসকে/২৩৫৫ ঘ.