ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভেজাল জৈব সারের ব্যবহার বন্ধ ও কীটনাশক ব্যবহার সংক্রান্ত আইন লঙ্ঘনের শাস্তি বৃদ্ধির জন্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সোমবার সংসদে দু'টি বিল উত্থাপন করেছেন।
কৃষির সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যমান আইনের কয়েকটি অনুচ্ছেদ সংশোধনের জন্য মন্ত্রী সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল ২০০৯ ও কীটনাশক (সংশোধন) বিল ২০০৯ উত্থাপন করেন।
প্রস্তাবিত সংশোধনী সংসদে পাশ হলে জৈব সার বাজারজাত করার জন্য উৎপাদনকারীদের সরকারের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে।
আরো যাচাই-বাছাইয়ের জন্য সংসদ বিল দু'টি কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছে। সেই সঙ্গে তিন সপ্তাহের মধ্যে বিল দু'টি সংসদে ফেরত পাঠাতেও বলা হয়েছে।
বিল দু'টি উত্থাপন করে মন্ত্রী বলেন, ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইন জৈব সারের ব্যবহার নিয়ন্ত্রণে যথেষ্ট কার্যকর নয়।
কীটনাশক (সংশোধন) বিল ২০০৯ উত্থাপনকালে মতিয়া চৌধুরী বলেন, কীটনাশক উৎপাদন ও আমদানি নিয়ন্ত্রণ ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
বিলটি পাশ হলে সরকার আশা করছে কৃষিতে রাসায়নিক কীটনাশকের অপরিকল্পিত ব্যবহার কমে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/২৩২৯ ঘ.
bdnews24