২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মুন্সীগঞ্জে পাঁচ শিশু অসুস্থ, অভিভাবকদের সন্দেহ ভিটামিন ক্যাপসুল

পেটের পীড়ায় আক্রান্ত পাঁচ শিশুকে সোমবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছে। অভিভাবকরা দাবি করছেন শনিবার ভিটামিন 'এ' প্লাস ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে এরা অসুস্থ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 10:48 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেটের পীড়ায় আক্রান্ত পাঁচ শিশুকে সোমবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছে। অভিভাবকরা দাবি করছেন শনিবার ভিটামিন 'এ' প্লাস ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে এরা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ পাঁচ শিশু হল- রাজধানীর রায়েরবাগ এলাকার মৌ (২), কেরানীগঞ্জের সাব্বির (৩) ও নয়ন (২), কোতয়ালীর নয়াবাজার এলাকার রিফাত (১), মুন্সীগঞ্জের গরিখাল শ্রী নগর এলাকার সম্রাট (৪)। মৌ'র মা মর্জিনা বেগম জানান, শনিবার স্থানীয় স্কুল থেকে তার মেয়েকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর পর রাত থেকে তার বমি হচ্ছিল। মিটফোর্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শামীমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা সবাই দু'দিন আগে ভিটামিন 'এ' প্লাস ও কৃমিনাশক ট্যাবলেট ওষুধ খেয়েছে। ওই কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছে সেটা বলা যাচ্ছে না। গরমের জন্যও এমনটা হতে পারে।" হাসপাতালের সহকারী পরিচালক ডা. সুবোধ চন্দ্র দাস জানান, ভিটামিন খেয়ে যারা অসুস্থ হয়েছে বলা হচ্ছে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে আলাদা মেডিকেল টিম গঠন করা আছে। ভিটামিন 'এ' প্লাস ও কৃমির ওষুধ খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার খবরে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার সারা দেশে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ও কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর কিছু শিশু অসুস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়। রোববার পর্যন্ত ফরিদপুর, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, চাঁদপুর, মাদারীপুর, কক্সবাজার, নাটোর, সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও নড়াইল প্রায় দুশ' শিশুর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক পারভীন ফাতেমা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কৃমির ওষুধ খেলে বমি বা পাতলা পায়খানা হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/এসকে/১৬৫৫ঘ.