ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মিরপুর এবং পল্লবী এলাকার সন্ত্রাসী জামিল বাহিনীর প্রধান মুজিবুর রহমার ওরফে জামিলকে সোমবার ভোরে র্যাব গেপ্তার করেছে।
সে সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল ও রিভলবার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সহযোগীরা হলো খোরশেদ ও হালিম।
র্যাবের সহকারী পরিচালক মো. মেনহাজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপনে সংবাদ পেয়ে র্যাব-৪ এর একটি দল ভোর সাড়ে ৪টার দিকে গাবতলী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জামিল (৩৭) এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।
জামিলের কাছ থেকে একটি পিস্তল এবং একটি রিভলবার তার সহযোগীদের কাছ থেকে একটি করে রিভলবার উদ্ধার করা হয় বলে উল্লেখ করে তিনি বলেন, এগুলো গুলিভর্তি অবস্থায় ছিল।
র্যাব কর্মকর্তা বলেন, জামিলরা তিন ভাই। তার অন্য দুই ভাইও সন্ত্রাসের সঙ্গে জড়িত। জামিল সবার রড়। সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাষ্টার হত্যা মামলার অন্যতম আসামি মশু জামিলের ছোট ভাই। মেজ ভাই মামুনও তালিকাভুক্ত সন্ত্রাসী বলে তিনি জানান।
২০০৫ সালের ৫ এপ্রিল র্যাবের হাতে জামিল একবার গ্রেপ্তার হয়েছিল। পরে জামিনে মুক্তি পায়।
জামিলের বিরুদ্ধে ৪টি হত্যাসহ ২২টি মামলা রয়েছে। একাধিক থানায় অসংখ্য জিডি রয়েছে তার বিরুদ্ধে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিক বিষয়ে লেটার নিয়ে পাশ করা জামিল মেজ ভাইয়ের হাত ধরে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হয় বলে র্যাবকে জানিয়েছে।
মেনহাজুল আলম জানান, জামিলের মূল কাজ টেলিফোনে চাঁদাবাজি করা। চাঁদা না পেলে গুলি করে বা বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি এবং প্রয়োজনে হত্যাও করে থাকে জামিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/টিআর/১৯৪১ ঘ.
bdnews24