২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শিশু হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দুই শিশু হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 09:38 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

রংপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই শিশু হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর সোয়া ১২ টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয় । পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার হাসানপুর গ্রামের সফিজাল হোসেনের ছেলে কবীর হোসেন (১১) ও গনেশ চন্দ্রের ছেলে সুভাষ (৯) হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২ জুন শিশু দুটি নিখোঁজ হয়। দুদিন পর গত বৃহস্পতিবার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ওসি জানান, এ ঘটনায় কবীরের মা করিমন নেছা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় ইউপি চেয়ারম্যান হাসান আলী সরকারসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, মামলা তদন্তকালে হাসান আলী সরকারের জড়িত থাকার অভিযোগের সত্যতা মিলেছে। জাহাঙ্গীর আলম বলেন, শিশু দুটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তাদের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। শিশু দুটিকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৫৪৪ ঘ.