ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠীর হামলার আশঙ্কায় সারা দেশে আদালত অঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার আইন মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়। (আরো তথ্যসহ)
নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর সুপ্রিম কোর্টসহ দেশের আদালত প্রাঙ্গণ এবং বিচারকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।"
সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রাজনৈতিক) মো. নুরুন নবী তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্দেহ নেই যে, এরকম অবস্থায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য পুলিশ মহা পরিদর্শকসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দেওয়া হচ্ছে।"
তিনি বলেন, সুপ্রিম কোর্টের চিঠির পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যবস্থা নিয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে যাবে বলে জানান এক উর্ধ্বতন কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশনা পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।"
রাত পৌনে আটটা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি হাতে পৌঁছেনি উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, "জঙ্গি ও সন্ত্রাসী হামলার বিষয়ে কোনো তথ্য পেলে তা খতিয়ে দেখা হবে।"
এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সারাদেশে সব সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স
bdnews24