ভোলা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে ১১ জলদস্যুকে আটক করেছে জেলেরা।
সোমবার ভোররাতে আটকের পর তাদের ভোলা সদর থানায় তুলে দেওয়া হয়।
আটক জলদস্যুদের সবার বাড়ি লক্ষ্মীপুর জেলার লুদুয়া এলাকায়।
জেলে মুছা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদীতে মাছ ধরার সময় জলদস্যুরা আমাদের নৌকায় হানা দেয়। ওই সময় আমরা মোবাইলে আশপাশের অন্য নৌকার জেলেদের মোবাইল ফোনে ঘটনা জানাই। অন্য জেলেরা এগিয়ে এলে দস্যুরা নদীতে ঝাঁপিয়ে পড়ে পালানোর চেষ্টা চালায়। তবে ১১ জনকে আমরা ধরে ফেলি।"
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান শেখ জানান, আটক জলদস্যুদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুরের লুদুয়া এলাকায়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ইলিশ মৌসুমের শুরু থেকেই ভোলা সংলগ্ন মেঘনায় জলদস্যুদের তৎপরতা বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৫৩ ঘ.
bdnews24