ফেনী, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেনী শহরের কয়েক হাজার ব্যবসায়ী সোমবার সকাল ৮টা থেকে জেলা শহরে সড়ক অবরোধ করে রেখেছে।
ফলে জেল রোড থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ আছে।
ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদার দাবিতে সোমবার ভোরে একদল সন্ত্রাসী স্টেশন রোডে মোহাম্মদ আলী হোটেল ও কয়েকটি সিএনজি স্টেশনে হামলা চালায়। এতে ১০/১২ জন আহত হয়।
সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতেই সড়ক অবরোধ করা হয়েছে বলে তিনি জানান। পুরো রাস্তায় ব্যবসায়ীরা অবস্থান নিয়ে আছে।
ব্যবসায়ীদের অভিযোগ, সন্ত্রাসীরা গত এক মাস ধরে চাঁদার জন্য চাপ দিয়ে আসছিল।
জেলা পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১২৩৪ ঘ.
bdnews24