ফেনী, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেনী শহরের কয়েক হাজার ব্যবসায়ী সোমবার সকাল ৮টা থেকে সাড়ে চার ঘণ্টা জেলা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। (আরও তথ্যসহ)
এ সময় শহরের জেল রোড থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
শহরের মোহাম্মদ আলী হোটেলের মলিক বাপ্পি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৮টার দিকে বিরিঞ্চি গ্রামের সুমন, মাসুদ, রুপম, একরাম এবং মাস্টার পাড়ার আবদুল্লাহর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী হকিস্টিক, চাপাতি, চাইনিজ কুড়াল ও ছুরি নিয়ে স্টেশন রোডের মোহাম্মদ আলী হোটেলে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এতে মামুন, দুলাল, হাসান ও রবিউলসহ ৫/৬ জন আহত হয়।
এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ করে এবং ব্যারিকেড দিয়ে জেল রোড থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত দুই কিলোমিটার সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে।
তিনি জানান, সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট ইলিয়াছ শরীফ হামলাকারীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় দুপুরে পুলিশ আবুল খায়ের নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলেও জানান তিনি।
শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমিনুর রহমান বলেন, সন্ত্রাসীরা গত এক মাস ধরে চাঁদার জন্য চাপ দিয়ে আসছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/ডিডি/এমএসবি/২২০২ ঘ.
bdnews24