চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালান ও খালাস কাজে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন।
সাবেক দুই গোয়েন্দা কর্মকর্তা ঢাকায় ছয়দিনের টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে নিজেদের জড়িত থাকার বিষয়টি এড়িয়ে গিয়ে এনএসআই'র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছেন।
মামলার তদন্তে থাকা সিআইডি'র একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং লিয়াকত হোসেনকে ঢাকায় ছয়দিন টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ শেষে রোববার সন্ধ্যায় চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়েছে। গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে ঢাকায় নেওয়া হয়।
সিআইডি কর্মকর্তারা জানান, গোয়েন্দা সংস্থার তৎকালীন দায়িত্বশীল কর্মকর্তাদের বিরোধের জের ধরে এ বিশাল অস্ত্রের চালান পাচারের তথ্য ফাঁস এবং তা ধরা পড়ে। অন্য গোয়েন্দা কর্মকর্তাদের ফাঁসিয়ে দিতেই সাহাব এ চালান ধরিয়ে দেন বলে রেজ্জাকুল জিজ্ঞাসাবাদে দাবি করেছেন।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার এ দুই সাবেক কর্মকর্তাকে আদালতে হাজির করা হবে।
তবে তৃতীয় দফা চারদিনের রিমান্ডে নেওয়া এনএসআই'র সাবেক কর্মকর্তা সাহাবকে কবে থেকে জিজ্ঞাসাবাদ শুরু হবে তা তিনি জানাননি।
নাম প্রকাশ না করার শর্তে সিআইডির এক কর্মকর্তা জানান, লিয়াকত সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। কিন্তু রেজ্জাক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেও জবানবন্দি দিতে রাজি হননি।
এর আগে গ্রেপ্তার সাহাবুদ্দিনের জবানবন্দির ভিত্তিতে এনএসআই'র সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রহিম এবং সাবেক উপ-পরিচালক মেজর লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের ইতিমধ্যে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২২৫৫ঘ.
bdnews24