২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দের শহর ঢাকা

শব্দ দূষণ 'তিলোত্তমা' ঢাকার বাসিন্দাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। পরিসংখ্যান বলছে, কোনো এলাকাই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ সমস্যা থেকে মুক্ত নয়। এ নিয়ে যেমন নেই সচেতনতা তেমনি নেই আইনের যথাযথ প্রয়োগ। বিশ্ব পরিবেশ দিবস ঘিরে এহেছান লেনিনের ধারাবাহিক বিশ্লেষণী প্রতিবেদনের প্রথম পর্ব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

বাংলাদেশ থেকে কেউ কোনো উন্নত দেশে গেলে যে কয়েকটি বিষয় দেখে চমকিত হওয়ার কথা ফিরে এসে বলেন, তার একটি হচ্ছে: হাজার হাজার গাড়ি, কিন্তু পারতপক্ষে হর্নের কোনো শব্দ নেই।

রাজধানী ঢাকার বাসিন্দারা সবচেয়ে সচেতন আর সেখান থেকে উন্নত দেশ সফরকারী (শ্রমিক হিসেবে নয়) ভাগ্যবানের সংখ্যাও সর্বাধিক। কিন্তু তারা যে ওই সুন্দর অভিজ্ঞতা ফেরার সময় সেখানেই রেখে আসেন তার প্রমাণ এ মহানগরীর সড়কগুলো।

ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডাব্লিওবিবি) নামে একটি এনজিওর গত ৬ মে প্রকাশিত এক জরিপের ফলে দেখা গেছে ঢাকার কোনো 'পাবলিক প্লেস' বা কোনো জনসমাগমের স্থানেই শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের নিচে নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষের জন্য শব্দের সহনীয় মাত্রা সেটাই।

রাজধানীতে উদ্বেগজনক এ দূষণের অন্যতম প্রধান কারণ গাড়ির হর্ন।

যানবাহনের লাগামহীন হর্ন ছাড়াও রয়েছে বিভিন্ন ধরণের কারখানার শব্দ, রাজনৈতিক, ধর্মীয় ও বাণিজ্যিক বিভিন্ন কারণে বিশেষ করে আবাসিক এলাকায় গভীর রাত পর্যন্ত উচ্চশক্তির মাইকের ব্যবহার, আবাসন শিল্পের কাজের শব্দ ইত্যাদি।

উত্তরে অভিজাত উত্তরা থেকে শুরু করে 'আরো অভিজাত' গুলশান-বারিধারা-ধানমণ্ডি-পুরনো ঢাকা হয়ে দক্ষিণ ঢাকার বস্তি --কয়েকশ' বর্গমাইলের এই কথিত মেট্রোপলিস আজ পরিণত হয়েছে শব্দদূষণের লীলাভূমিতে।

কিছুসংখ্যক সচেতন মানুষের সদিচ্ছা দৃশ্যত চাপা পড়ে যাচ্ছে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের অসচেতনতা ও ট্রাফিক আইন না মানার প্রবণতার কারণে। অনেক চালকের অভিযোগ, অন্যরা নিয়ম না মানায় অনেক সময় বাধ্য হয়েই হর্ন বাজাতে হয় তাদের।

এদিকে শব্দ দূষণ রোধে আইন থাকলেও এর প্রয়োগ দেখা যায় না বললেই চলে। এ বিষয়ে যথেষ্ট সচেতন নন নগরবাসী। এমনকি যারা ওইসব আইন প্রয়োগ করবেন তারাও।

অথচ উচ্চ শব্দ-দূষণের কারণে বিশেষ করে শিশুরা বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা ও অমনোযোগিতার মতো রোগে আক্রান্ত হয়। মাত্রাতিরিক্ত শব্দ ক্ষতি করছে সব বয়সী মানুষকেই।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক এসএম খোরশেদ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শব্দ দূষণের কারণে শারীরিক ও মানসিক দু'ভাবেই ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ। বিশেষ করে শিশু এবং গর্ভবতী মায়েরা এর বড় শিকার। শিশুরা উচ্চ শব্দ দূষণের কারণে বধির হয়ে যেতে পারে। এমনকি গর্ভবতী মায়েরা জন্ম দিতে পারেন বিকলাঙ্গ শিশু।

"আর মানসিকভাবেও এর প্রভাব গভীর। শব্দ দূষণের কারণে মানুষ তার স্বাভাবিক মেজাজ হারিয়ে ফেলে, কাজে-কর্মে উৎসাহ পায় না।"

পরিসংখ্যান বলছে, রাজধানীর ৯৫ ভাগ স্কুলশিক্ষার্থী শব্দ-দূষণের শিকার। বিশেষজ্ঞদের মতে, তিন বছরের কোনও শিশু ৩০ মিনিট ধরে ১০০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দ শুনতে থাকলে সে শ্রবণশক্তি হারাতে পারে। এছাড়া উচ্চ শব্দে হৃদক্রিয়া পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে।

'ডেসিবেল' শব্দের তীব্রতা পরিমাপের একক।

পরিবেশ অধিদপ্তরের মাপকাঠিতে এদেশে 'শান্তিপূর্ণ' এলাকায় দিনে ৪৫ এবং রাতে ৩৫ ডেসিবেল শব্দমাত্রা থাকা উচিত বলে উল্লেখ করা হয়েছে। এ মাপকাঠিতে আবাসিক এলাকায় দিনে ৫০ এবং রাতে ৪০ ডেসিবেল; বাণিজ্যিক এলাকায় দিনে ৬০, রাতে ৫০ ডেসিবেল; কলকারখানায় দিনে ৭৫ এবং রাতে ৭০ ডেসিবেল শব্দমাত্রা সহনীয়।

বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাবে, অফিস কক্ষে ৩০ থেকে ৪০ ডেসিবেল; শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে ৩০ থেকে ৪০ ডেসিবেল, হাসপাতালে ২০ থেকে ৩৫; রেস্তোরাঁয় ৪০ থেকে ৬০ ডেসিবেল পর্যন্ত এবং শহর এলাকায় ৪৫ ডেসিবেল শব্দমাত্রা সহনীয়। সংস্থাটির হিসাবে ৬০ ডেসিবেল মাত্রার বেশি শব্দ হলে সেই এলাকা দূষিত বলে চিহ্নিত হবে।

ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডাব্লিওবিবি)- এর গত ৬ মে প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে দেখা যায়, রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের শব্দমাত্রা সর্বোচ্চ ১০৩ ও সর্বনিম্ন ৮২; সদরঘাটে সর্বোচ্চ ১০৫ ও সর্বনিম্ন ৭৬; ফার্মগেট এলাকায় সর্বোচ্চ ১০৫ ও সর্বনিম্ন ৮৮ ডেসিবেল। ভিকারুননেসা নূন স্কুল এলাকায় শব্দের মাত্রা পাওয়া গেছে সর্বোচ্চ ৯৮ ও সর্বনিম্ন ৭১ ডেসিবেল।

একই প্রতিষ্ঠানের আরেক জরিপে দেখা গেছে, সোনারগাঁ হোটেল এলাকায় শব্দের মাত্রা ১০৪ ডেসিবেল; মহাখালী, মগবাজার ও মৌচাক এলাকায় ১০৩; গাবতলীতে ১০২; যাত্রাবাড়িতে ১০০; তেজগাঁ শিল্প এলাকায় ৯৭; গুলিস্তানে ৯০; মীরপুর-১ এলাকায় ৯৭, মতিঝিলে ৮৯; বারডেম হাসপাতাল এলাকায় ৮১; শিশু হাসপাতাল এলাকায় ৬৯ থেকে ৭২ ডেসিবেল।

প্রতিষ্ঠানটির জরিপে কোথাও ৬০ ডেসিবেলের কম শব্দমাত্রা পাওয়া যায়নি।

ডাব্লিওবিবি'র প্রকল্প কর্মকর্তা নাজনীন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকার নীরব বা আবাসিক সব এলাকাতেই শব্দের মাত্রা ৮০ ডেসিবেলের ওপরে। এর মূল কারণ গাড়ির হর্ন। গাড়িচালক, স্কুলগামী শিক্ষার্থী ও ট্রাফিক পুলিশরা প্রত্যক্ষ শব্দ দূষণের শিকার।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ড. শাহনাজ হক হুসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে স্পর্শকাতর স্থানে বিশেষ করে স্কুল, কলেজ ও হাসপাতালের সামনে শব্দ দূষণের মাত্রা কমাতে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেতনতার ওপর জোর দিলেন।

শব্দ-দূষণ রোধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৭, যানবাহন আইন ১৯৮৩, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন ১৯৭৬ থাকলেও হর্নের অত্যাচারে বিপর্যস্ত পথিক। অভিযোগ আছে, নিষিদ্ধ হলেও সবার চোখের সামনেই বাজারে কিনতে পাওয়া যায় ক্ষতিকর হাইড্রলিক হর্ন।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, অপ্রয়োজনে হর্ন বাজালে মোটরযান অধ্যাদেশের আওতায় ২শ' টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার টাকা মালিককে পরিশোধ করতে হয় বলে শাস্তিটা চালকদের ওপর পড়ে না। এ কারণে চালকরা একই অপরাধ বারবার করে।

গরীর ভিআইপি সড়কগুলোতে হর্ন বাজানো নিষিদ্ধ করেছে সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ নিষেধাজ্ঞার কথা বড় বড় হরফে লিখে রাস্তায় নোটিশ টাঙিয়ে রাখলেও তা খুব একটা কাজে আসছে না। অনেকে জানেনই না এ ধরনের কোনও আইন আছে।