ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডিশ ব্যবসা নিয়ে রাজধানীর খিলগাঁয়ে সন্ত্রাসীদের গুলিতে মোতাহার হোসেন (৩২) নামের একজন ডিশ (কেব্ল টিভি) ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নব জ্যোতি খীসা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বনশ্রীর ডি ব্লকের সাত নম্বর রোডের নিউ পানকৌড়ি কেব্ল নেটওয়ার্কের কার্যালয়ের সামনে কয়েকজন সন্ত্রাসী মোতাহার হোসেনকে গুলি করে। স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক।"
তিনি জানান, এলাকার ডিশ ব্যবসার দখল নিয়ে তাকে গুলি করা হয় বলে পুলিশ ধারণা করছে।
এ নিয়ে গত একমাসে সন্ত্রাসীদের হাতে চারজন ডিশ ব্যবসায়ী গুলিবিদ্ধ হলেন। এছাড়া নিহত হয়েছেন একজন। তিনি হলেন ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী সৈয়দ শরীফ উদ্দিন।
ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে সন্ত্রাসীরা রোববার শরীফ উদ্দিনকে গুলি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এএনএস/ডিডি/টিআর/০০৪৪ ঘ.
bdnews24