পটুয়াখালী, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীতে বজ্রপাতে বেশ কিছু টেলিভিশন ও টেলিফোন বিকল হয়ে গেছে। সেই সঙ্গে বৃষ্টির কারণে ঘর থেকে বেরও হতে পারছে না লোকজন।
আবহাওয়া দপ্তরের সিনিয়র অবজারভার মোঃ মোসাদ্দেক হোসেন বুধবার জানান, সকাল থেকেই জেলার সবখানে বৃষ্টি পড়ছে। দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্তু ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে বৃষ্টির সঙ্গে মাঝে মধ্যেই বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছিল। এ সময় কয়েকবার বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি টেলিভিশন ও টেলিফোন বিকল হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
শহরের অধিবাসী জসিম খন্দকার জানান, তার ও তার চাচার ঘরের টেলিভিশন বজ্রপাতে বিকল হয়ে গেছে। আরো কয়েকটি বাড়ির টেলিভিশন ও টেলিফোন বিকল হয়ে গেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩২৭ ঘ.
bdnews24