গোপালগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার মাঝিগাতী গ্রাম থেকে বুধবার সকালে মেছোবাঘের তিনটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বখতিয়ার মীর নামের এক ব্যক্তির বাড়ির পাশের ঝোপ পরিষ্কার করার সময় শ্রমিকরা একটি গর্তে চারটি ছানা দেখতে পান। এ সময় শ্রমিকদের ভয়ে মা মেছোবাঘটি ছানাগুলো রেখে পালিয়ে যায়। শ্রমিকরা ছানাগুলো উদ্ধার করলেও একটি কুকুর মেছোবাঘের একটি ছানাকে কামড়িয়ে মেরে ফেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণের দায়িত্ব বন বিভাগের। তাই ঘটনাস্থল থেকে মেছোবাঘের তিনটি জীবিত ও একটি মৃত ছানা উদ্ধার করে থানায় আনার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলা পশু চিকিৎসক গোবিন্দ চন্দ্র সরদার বলেন, "ছানাগুলো মেছোবাঘের। আনুমানিক ১০-১২ দিন আগে মা মেছো বাঘটি ছানাগুলোর জন্ম দেয়। মেছোবাঘের ছানাগুলো বাঁচিয়ে রাখার জন্য আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/টিআর/১৮০৫ ঘ.
bdnews24