ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদী বেদখল এবং নদী তীরে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নদীগুলোর দখল, ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে নেওয়া পদক্ষেপ উপস্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ভূমি ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই মৌখিক নির্দেশ দেন।
হাইকোর্টের একই বেঞ্চ গত ২৪ মে রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী বেদখল, ভরাট ও নদী তীরে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন 'হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ' এর দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই চার নদী তীরের সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করা হয়।
পরিকল্পনা, অর্থ, নৌ পরিবহন, ভূমি, স্থানীয় সরকার, পানি সম্পদ ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান, ভূমি ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসককে এক সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছিল।
আদালত রিটটির ওপর শুনানির জন্য ১ জুন দিন ধার্য করে দিয়েছিল। রিটটির ওপর শুনানির সময় আদালত মৌখিক এই আদেশ দেন। এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রিটে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতিকে (বেলা) পক্ষভুক্ত করেছে।
রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম।
আদেশের পর অ্যাডভোকেট মনজিল মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার চারপাশের এই নদীগুলোর অবৈধ দখল বন্ধে সরকারের নেওয়া পদক্ষেপ জানাতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ভূমি ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে হাইকোর্ট মৌখিক নির্দেশ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এইচএ/১৭৫৫ ঘ.
bdnews24