ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় 'আয়লা'য় ক্ষতিগ্রস্ত নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপের দুর্গত মানুষের দুর্দশার চিত্র নিজেই ঘুরে দেখলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
শুক্রবার তিনি ওই দ্বীপ পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় মন্ত্রী হাতিয়ার তমরুদ্দীন বঙ্গবন্ধু বিদ্যালয় মাঠ, বয়রার চর বহুমুখী বন্যা আশ্রয় কেন্দ্র প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং ক্যারিং চর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরে তিনি উপজেলার অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাও দেখতে যান।
ত্রাণ বিতরণকালে আব্দুর রাজ্জাক দুর্গতদের উদ্দেশে বলেন, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ-সামগ্রী রয়েছে। এসব ত্রাণ-সামগ্রী নিয়ে সরকার দুর্গতদের পাশে রয়েছে ও থাকবে। ইতোমধ্যেই অনেক ত্রাণ-সামগ্রী বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরো ত্রাণ-সামগ্রী বরাদ্দ দেওয়া হবে।
ত্রাণ বিতরণকারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ত্রাণ-সামগ্রী বিতরণে কোন অনিয়ম বা দুর্নীতি হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
এ সময় সাবেক সাংসদ মহাম্মদ আলী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩০০ ঘ.
bdnews24